জন্মদিনে চমক : এবার কি অবসর নিচ্ছেন প্রীতম ?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- অরিজিৎ সিং প্লে-ব্যাক থেকে সরে দাঁড়ানোয় কোটি কোটি শ্রোতার মন ভেঙেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার হিন্দি গানের জগতে এল নতুন উদ্বেগের খবর। সুরকার প্রীতম চক্রবর্তীর সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। এই পোস্টটি দেখার পর অনুরাগীদের মনে এখন একটাই আশঙ্কা—অরিজিতের মতোই প্রীতমও কি তবে বলিউড থেকে চিরতরে বিদায় নিতে চলেছেন?
১৪ জুন নিজের ৫৫তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় সুরকার প্রীতম চক্রবর্তীর একটি পোস্টকে ঘিরে বলিউডের সংগীত মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। ইনস্টাগ্রামে কিছু সাদা-কালো ছবি শেয়ার করে প্রীতম জানান, এই জন্মদিনে তিনি নিজেকে আগামী কয়েক বছর অন্যভাবে জীবন কাটানোর উপহার দিতে চান। তিনি লিখেছেন, এতদিন যা যা মিস করেছেন, সেগুলোর জন্য সময় দিতে চান এবং এমন কিছু নতুন সফর শুরু করতে চান যা এতদিন আটকে ছিল। প্রীতমের কথায়, মূলধারার বাণিজ্যিক সিনেমার সংগীতের সফরটি দারুণ হলেও, তিনি বরাবরই অচেনা পথে হাঁটতে পছন্দ করেন। যদিও তিনি সরাসরি ‘অবসর’ শব্দটির উল্লেখ করেননি, তবুও তাঁর এই পোস্টের পর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তিনিও কি তবে অরিজিৎ সিংয়ের পথ অনুসরণ করে মূলধারার সংগীত থেকে বিদায় নিতে চলেছেন?

চলতি বছরের শুরুতেই অরিজিৎ সিং সিনেমার প্লে-ব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন, যা সংগীতপ্রেমীদের জন্য ছিল বড় ধাক্কা। অরিজিতের সঙ্গে প্রীতমের দীর্ঘদিনের ঘনিষ্ঠ পেশাদার সম্পর্ক এবং অসংখ্য হিট গান এই জুটির ঝুলিতে রয়েছে। প্রীতম এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অরিজিতের সিদ্ধান্তের পর তিনি নিজেও গত এক বছর ধরে চেনা বৃত্ত থেকে সাময়িকভাবে বিরতি নেওয়ার কথা ভাবছিলেন। প্রীতমের এই সাম্প্রতিক পোস্টের পর ভক্তদের মধ্যে দুশ্চিন্তার পরিবেশ তৈরি হয়েছে। অনেকে কমেন্ট বক্সে তাঁকে বলিউড ছেড়ে না যাওয়ার অনুরোধ জানাচ্ছেন। তবে সুরকার বা তাঁর টিমের পক্ষ থেকে অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি।
সম্প্রতি প্রীতমের সুর করা ‘ককটেল ২’ ছবির ‘মাশুকা’ গানটি নিয়ে বিতর্ক তৈরি হলেও, সুর চুরির সেই অভিযোগ তিনি নস্যাৎ করে দিয়েছেন। বিগত দুই দশক ধরে ‘তুম হি হো বন্ধু’, ‘সুবহানাল্লাহ’, ‘কেশরিয়া’ বা ‘শায়াদ’-এর মতো অসংখ্য ব্লকবাস্টার গান উপহার দেওয়া এই সুরকার বিরতি নিচ্ছেন নাকি অন্য কোনো নতুন রূপে ফিরছেন, তা সময়ই বলে দেবে। আপাতত তাঁর এই বার্থডে নোট ভক্তদের কৌতুহল ও শঙ্কা উভয়ই বাড়িয়ে দিয়েছে।
