আজকের দিনেখেলাবিশ্ব

FIFA World Cup 2026 : ৭-১ গোলে কুরাসাওকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, গোল করলেন ছয়জন !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ২০১৪-র পর ফের বিশ্বকাপের মঞ্চে ৭-১ ব্যবধানে জয় জার্মানির। হাউস্টনে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা কুরাসাওকে সাত গোলে উড়িয়ে দিল জুলিয়ান নাগেলসম্যানের দল। এই জয়েই ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বাধিক ২৩৯ গোলের সর্বকালীন রেকর্ড গড়ল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এবারের বিশ্বকাপের দ্রুততম গোল করে জার্মানিকে এগিয়ে দেন ফিলিক্স নামেচা। ফ্লোরিয়ান উইর্ৎজের বাড়ানো বল থেকে গোল করেন বরুসিয়া ডর্টমুন্ডের এই তারকা। তবে মাত্র দেড় লক্ষ জনসংখ্যার দেশ কুরাসাও চমকে দেয় ১৫ মিনিট পরেই। লিভানো কোমেনেন্সিয়া গোল করে সমতা ফেরান। বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশের হয়ে ইতিহাস গড়েন তিনি।

কুরাসাও পেনাল্টির জোরালো আপিল করলেও তা নাকচ হয়। জল পানের বিরতির পর ম্যাচের দখল নেয় জার্মানি। নিকো স্লটারব্যাক ব্রাউনের কর্নার থেকে হেডে লিড ফেরান। প্রথমার্ধ শেষের আগে পেনাল্টি থেকে গোল করেন কাই হাভার্ৎজ। ৩-১ এ এগিয়ে বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী জার্মানরা। পরিবর্ত হিসেবে নেমেই দুই মিনিটের মাথায় ৪-১ করেন জামাল মুসিয়ালা। এরপর আর থামেনি জার্মান মেশিন। ব্রাউন, স্টুটগার্টের ডেনিজ উনদাভ গোল করেন। শেষদিকে হাভার্ৎজ নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৭-১ করেন। মোট ছয়জন ফুটবলার গোল পেলেন জার্মানির হয়ে।

এই জয়ে ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ৭-১ জয়ের স্মৃতি ফিরল। একইসঙ্গে বিশ্বকাপে ব্রাজিলের ২৩৭ গোলের রেকর্ড ভেঙে ২৩৯ গোল নিয়ে শীর্ষে উঠে এল জার্মানি।

রবিবার রাতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে রূপকথা লিখতে পারেনি কুরাসাও। মাত্র ১ লক্ষ ৫৮ হাজার জনসংখ্যার দেশটি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেই ইতিহাস গড়েছিল। এবার ম্যানুয়েল ন্যুয়েরের মতো তারকা গোলকিপারের বিরুদ্ধে গোল করে নতুন অধ্যায় লিখলেন লিভানো কোমেনেন্সিয়া। তবে দিনের শেষে জাত চেনাল জার্মানি। দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল চারবারের চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *