আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Councilor Arrested : শচীন-অরিজিতের পর এবার মহেশ, তোলাবাজিতে গ্রেপ্তার আরও এক কাউন্সিলর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- কলকাতায় ফের গ্রেপ্তার কাউন্সিলর। এবার পুলিশের জালে ৪২ নম্বর ওয়ার্ডের মহেশ কুমার শর্মা। বড়বাজার থানায় দায়ের হওয়া মামলায় তোলাবাজি, প্রতারণা ও জোর করে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বড়বাজার থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ তোলাবাজির। এছাড়া প্রতারণা এবং ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগও রয়েছে।

গত কয়েক দিনে কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার গ্রেপ্তার হন ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিং। স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন। ওই দিন রাতেই গ্রেপ্তার হন ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। প্রোমোটার ও দোকানদারদের হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এর আগে সুদীপ পোল্লেকেও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। একাধিক ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

শচীন সিং, অরিজিৎ দাস ঠাকুরের পর এবার মহেশ কুমার শর্মা। কলকাতায় পরপর কাউন্সিলর গ্রেপ্তারির ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। তোলাবাজি ও প্রতারণার অভিযোগে একের পর এক জনপ্রতিনিধি পুলিশের জালে ধরা পড়ায় প্রশ্নের মুখে পুর পরিষেবার স্বচ্ছতা। ধৃত মহেশ কুমার শর্মাকে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *