১২ বছর ধরে বাড়ি দখলের অভিযোগ, আটক তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার
কিউ ইন্ডিয়া বাংলা:- ভাড়া চাইতে গেলেই হুমকি, ১২ বছর ধরে বাড়ি দখল করে রাখার অভিযোগে বুধবার দুপুরে সল্টলেক থেকে আটক করা হল তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। বাসিন্দাদের বিক্ষোভের মুখে ‘চোর চোর’ স্লোগানের পর তাঁকে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সল্টলেকের একটি ফ্ল্যাট ১২ বছর ধরে দখল করে রেখেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। ফ্ল্যাটের মালিক একাধিকবার ভাড়া চাইতে গেলে তাঁকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ।কিছুদিন আগে ফ্ল্যাট খালি করার দাবি জানাতে মালিকের স্ত্রী লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। বচসা ও ঝামেলার মধ্যেই জয়প্রকাশের স্ত্রীর সঙ্গে মালিকের স্ত্রীর হাতাহাতি বাধে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সোফায় বসে থাকা জয়প্রকাশের স্ত্রীকে উত্তেজিত হয়ে চড় মারছেন মালিকের স্ত্রী। এরপর আজ, ৩ জুন বুধবার দুপুরবেলা এলাকার বাসিন্দারা জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওঠে ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়প্রকাশ মজুমদারকে আটক করে থানায় নিয়ে যায়।
ভাইরাল ভিডিওর পর এবার সরাসরি বিক্ষোভের মুখে তৃণমূল নেতা। ১২ বছর ধরে বাড়ি দখলের অভিযোগে জয়প্রকাশ মজুমদারের আটক হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
