‘মা ক্যান্টিন’ বদলে ‘মা আহার’, নাম পাল্টে প্রকল্প চালু রাখল বিজেপি সরকার
কিউ ইন্ডিয়া বাংলা :-ক্ষমতায় এসে সমাজকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না, এই প্রতিশ্রুতি রেখে পূর্বতন তৃণমূল সরকারের ‘মা ক্যান্টিন’ প্রকল্প চালু রাখল রাজ্যের নতুন বিজেপি সরকার। তবে বদলেছে নাম। সোমবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথের পর বুধবার নবান্নে প্রথম বৈঠকেই ‘মা ক্যান্টিন’-এর নাম পরিবর্তন করে ‘মা আহার’ করার সিদ্ধান্ত নেওয়া হলো।
নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, ‘মা প্রকল্পের নাম পরিবর্তন করে মা আহার রাখা হয়েছে। আগে ৩৯০টি কেন্দ্র থেকে মা ক্যান্টিনের খাবার পাওয়া যেত। এখন আরও ১১০টি নতুন মা আহার কেন্দ্র স্থাপিত হবে। মোট ৫০০টি কেন্দ্র থেকে ৫ টাকার বিনিময়ে খাবার দেওয়া হবে।’২০২৬ সালের বিধানসভা ভোটে সরকার বদলের পর মা ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আগেই সরকার জানিয়েছিল, কোনও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। সে সময়েই ডিম-ভাতের বদলে মাছ-ভাত দেওয়ার চিন্তা-ভাবনার কথাও জানানো হয়।উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’। প্রথমে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে দুর্গাপুজো কমিটি শ্রমিকদের জন্য ৫ টাকায় দুপুরের ভাত দেওয়ার ব্যবস্থা করেছিল। পরে সরকারি হাসপাতালের সামনে গরিব মানুষদের নামমাত্র খরচে দুপুরের খাবার দিতে এই ক্যান্টিন চালু হয়। ৫ টাকায় ভাত, ডাল ও ডিমের তরকারি বা ডিমসেদ্ধ দেওয়া হতো।
নাম বদল হলেও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন না সাধারণ মানুষ। বরং কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে নতুন সরকার। ‘মা আহার’ প্রকল্পে মাছ-ভাত চালু হলে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ দরিদ্র মানুষ।
