আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Surendranath College : সুরেন্দ্রনাথ কলেজেই তৃণমূল নেতার বেডরুম, ব্যাগভর্তি টাকার পর মিলল আগ্নেয়াস্ত্র !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উইপোকায় খাওয়া ব্যাগভর্তি টাকা উদ্ধারের পর এবার হদিশ মিলল দুটি বেডরুমের। অভিযোগ, কলেজের ভিতরেই বিলাসবহুল বেডরুমে থাকতেন তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শিবাশিস। কলেজের কমন রুম থেকে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট ও আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থলে পৌঁছে ইডি তদন্তের দাবি জানালেন বিজেপি বিধায়ক সজল ঘোষ।

মঙ্গলবার বিকেলে কলেজের ইউনিয়ন রুম থেকে ২ ব্যাগ ভর্তি উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই ভিতরে দুটি বেডরুমের খোঁজ পাওয়া যায়। অভিযোগ, টেরেস ফেসিলিটির নামে ওই দুটি রুম উদ্বোধন করেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। রুম দুটি ব্যবহার করতেন কলেজ পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শিবাশিস। বেডরুমে রয়েছে অ্যাটাচ বাথরুম, এসি, খাট, দামি বিছানা। আলমারিতে মিলেছে বালিশ। অভিযোগ, এই রুমেই কলেজে চাকুরিরতদের দিয়ে দুই তৃণমূল নেতাকে ম্যাসাজ দেওয়ানো হত। ঘরের চাবি থাকত বাবা ছেলের কাছেই।

এদিন কলেজের কমন রুম থেকে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট। মিলেছে আগ্নেয়াস্ত্রও। পুলিশ এসে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। ছাদে পাওয়া গেছে একাধিক মদের বোতল। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই বেডরুম সম্পর্কে তিনি কিছুই জানেন না।

খবর পেয়ে কলেজে পৌঁছন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বেডরুমগুলিকে ‘ওয়ো রুম’ বলে কটাক্ষ করেন। তাঁর উপস্থিতিতেই উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট। সজল ঘোষের অভিযোগ, কলেজের দুর্নীতির টাকা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে কালীঘাটে যেত। তারপর যেত ক্যামাক স্ট্রিটে। তিনি গোটা ঘটনায় ইডি তদন্তের আর্জি জানিয়েছেন।

ইউনিয়ন রুম থেকে টাকা উদ্ধারের পর কলেজের ভিতর বেডরুম, কন্ডোম, আগ্নেয়াস্ত্র ও মদের বোতল মেলায় সুরেন্দ্রনাথ কলেজের পরিবেশ নিয়ে বড় প্রশ্ন উঠে গেল। শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় কার্যালয় বানানোর অভিযোগে সরব বিরোধীরা। টেরেস ফেসিলিটির নামে বেডরুম উদ্বোধনে শাসক দলের সাংসদ ও বিধায়কের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। গোটা ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে সব মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *