আজকের দিনেখেলাভারত

ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে জট কাটার ইঙ্গিত, চূড়ান্ত পর্যায়ে জি-ফিফা চুক্তি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভারতের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ফুটবল বিশ্বকাপের খেলা ভারতে সম্প্রচারের সম্ভাবনা আরও উজ্জ্বল হল। ফিফার সঙ্গে একটি ভারতীয় চ্যানেল গোষ্ঠীর দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সোমবারের মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে যেতে পারে বলে সূত্রের খবর।

প্রথমে সোনি পিকচার্স নেটওয়ার্কস এবং রিলায়্যান্স ডিজ়নি ভারতে বিশ্বকাপের খেলা সম্প্রচার করতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু ফিফার দাবি মতো সম্প্রচারস্বত্বের টাকা দিতে রাজি হয়নি দু’টি সংস্থাই। আবার তারা যে টাকার প্রস্তাব দিয়েছিল, তাতে রাজি হননি ফিফার প্রতিনিধিরা। ফলে আলোচনা কিছুটা এগোলেও শেষ পর্যন্ত ভেস্তে যায়। এরপর থেকেই ভারতে বিশ্বকাপের খেলা দেখা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা কাটিয়ে শেষ মুহূর্তে সম্প্রচারস্বত্ব কেনার আগ্রহ দেখায় জ়ি গোষ্ঠী। নতুন চারটি চ্যানেল নিয়ে বাজারে আসছে তারা। সেই চ্যানেলগুলিতেই দেখা যেতে পারে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের খেলা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জ়ি গোষ্ঠীর সঙ্গে ফিফার চুক্তি এখনও সম্পন্ন না হলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা হয়ে যেতে পারে। সম্প্রচারস্বত্ব পাওয়ার জন্য ফিফাকে ৩ থেকে সাড়ে ৩ কোটি ডলার দিতে হবে জ়ি গোষ্ঠীকে। ভারতীয় মূল্যে যা প্রায় ২৮৫ কোটি থেকে ৩৩২ কোটি টাকা। টাকার অঙ্ক নিয়ে দু’পক্ষ সহমত হলেই চুক্তি সই হবে। সূত্রের খবর, বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী জ়ি গোষ্ঠী। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। বেশ কয়েকটি ভারতীয় ভাষায় ধারাভাষ্যের ব্যবস্থা করা হচ্ছে। মুম্বইয়ের লোয়ার প্যারেলের স্টুডিয়োয় প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। সম্প্রচার এবং ফুটবল বিশেষজ্ঞদের সঙ্গেও প্রাথমিক কথাবার্তা শুরু করেছে জ়ি। এই সমস্ত পদক্ষেপ থেকেই স্পষ্ট, ফিফার সঙ্গে আলোচনা সদর্থক পথেই এগোচ্ছে।

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবার প্রথম ৪৮টি দেশ অংশ নেবে প্রতিযোগিতায়। মোট ১০৪টি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচই সম্প্রচার করবে জ়ি গোষ্ঠী। চুক্তি চূড়ান্ত হলে ভারতের ফুটবলপ্রেমীরা টিভির পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন মেসি-রোনাল্ডোদের মহারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *