আজকের দিনেতিলোত্তমা

গরমের ছুটি শেষ, স্কুল খোলার আগে ‘সুস্থ ক্লাসরুম’ নিশ্চিত করার কড়া নির্দেশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গরমের ছুটির শেষে আগামী ১ জুন থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল। তার আগে সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্যানিটাইজ়েশন নিশ্চিত করার কড়া নির্দেশ দিল পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর। ৩১ মে-র মধ্যেই সমস্ত কাজ শেষ করতে হবে।

স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, দীর্ঘ গরমের ছুটির পরে পড়ুয়াদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ। প্রবল গরম ও তাপপ্রবাহের কারণে এ বছর ছুটি এগিয়ে আনা হয়েছিল এবং পরে মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।নির্দেশ অনুযায়ী, সমস্ত শ্রেণিকক্ষ, স্কুল প্রাঙ্গণ, বেঞ্চ, ডেস্ক, চেয়ার, টেবিল পরিষ্কার করে ব্যবহারযোগ্য রাখতে হবে। স্কুল চত্বরে আগাছা বা জঙ্গল থাকলে তা কেটে ফেলতে হবে। বৈদ্যুতিক লাইন, আলো, পাখা, কম্পিউটার ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখতে বলা হয়েছে।পানীয় জলের সংযোগ, জল সরবরাহ ব্যবস্থা, জলের উৎস, জলাধার ও ট্যাঙ্ক পরিষ্কার রাখার উপর জোর দেওয়া হয়েছে। শৌচালয় পরিষ্কার এবং ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। কোথাও জল জমে থাকলে দ্রুত সরানোর নির্দেশ রয়েছে।মিড-ডে মিলের ক্ষেত্রেও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। রান্নাঘর, রান্নার বাসনপত্র, ডাইনিং হল পরিষ্কার রাখতে হবে। গ্যাস সিলিন্ডার ও অগ্নিনির্বাপক ব্যবস্থা পরীক্ষা করতে হবে। মজুত খাদ্যশস্য পরীক্ষা করে দেখার কথাও বলা হয়েছে।

শিক্ষা দপ্তর জানিয়েছে, প্রয়োজন মনে করলে স্কুল কর্তৃপক্ষ আরও পদক্ষেপ নিতে পারবে। দপ্তরের তরফে এই নির্দেশকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়েছে। লক্ষ্য একটাই, স্কুল খোলার পরে পড়ুয়ারা যেন সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *