আজকের দিনেবিশ্বভারত

MODI : ইরান যুদ্ধের পরবর্তীতে দিল্লিতে রুশ ও ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদির !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আমেরিকা-ইরান সংঘাতের আবহে বৃহস্পতিবার নয়াদিল্লিতে শুরু হল ব্রিকস গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির দু’দিনের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লেভরভ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। সূত্রের খবর, ব্রিকসের ফাঁকে রুশ ও ইরানি বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, ১৪ ও ১৫ মে নয়াদিল্লিতে বসেছে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের শীর্ষ সম্মেলন। এদিন রুশ ও ইরান ছাড়াও অন্য দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে সমবেতভাবে সৌজন্য সাক্ষাৎ করেন মোদি। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবার এই দুই দেশের শীর্ষ কূটনীতিকের সঙ্গে মোদির সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম দিন সম্মেলনে নিজের ভাষণে আমেরিকার বিরুদ্ধে তোপ দাগেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর বক্তব্য, কীভাবে ইরানের উপর ‘গুন্ডামি’ চালিয়েছে আমেরিকা, তা গোটা পৃথিবী প্রত্যক্ষ করেছে। আরাঘচি বলেন, “এই কক্ষে উপস্থিত প্রায় সকলের কাছেই মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ কোনও অপরিচিত বিষয় নয়। আমাদের মধ্যে আরও অনেকেই একই ধরনের ঘৃণ্য জবরদস্তির সম্মুখীন হয়েছে।” আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেন তিনি। বলেন, “জোটবদ্ধ হয়ে পদক্ষেপ করার এটাই উপযুক্ত সময়, এইসব অন্যায় কাজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার যোগ্য।” উল্লেখ্য, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার গভীর রাতে দিল্লি পৌঁছান। বৃহস্পতিবার মোদির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি হরমুজ প্রণালী খোলা রাখা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

ব্রিকস বৈঠকের মঞ্চে আমেরিকা-বিরোধী সুর চড়াল ইরান। অন্যদিকে রাশিয়া ও ইরানের সঙ্গে মোদির পৃথক বৈঠক কূটনৈতিক মহলে বাড়তি গুরুত্ব পাচ্ছে। পশ্চিম এশিয়ার অস্থিরতার আবহে ভারতের ভারসাম্যের কূটনীতিই এখন নজরে। আগামীকাল বৈঠকের দ্বিতীয় দিনে জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *