৬ স্তবক ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার নির্দেশ, কলকাতা হাইকোর্ট-এ জনস্বার্থ মামলা
কিউ ইন্ডিয়া বাংলা :- কেন্দ্রের নতুন নির্দেশিকা ঘিরে বিতর্ক এবার আদালতে। দেশের রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ এর সব কটি ৬টি স্তবক গাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্ট-এ দায়ের হল জনস্বার্থ মামলা।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন ও প্রস্থান, এবং জাতির উদ্দেশে তাঁর ভাষণের আগে ও পরে ‘বন্দে মাতরম’ বাজানো বা গাওয়া বাধ্যতামূলক। একই নিয়ম প্রযোজ্য হবে রাজ্যপালদের ক্ষেত্রেও। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘বন্দে মাতরম’-এর সব ৬টি স্তবকই গাইতে বা বাজাতে হবে। পাশাপাশি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, যদি রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ একসঙ্গে পরিবেশিত হয়, তাহলে আগে ‘বন্দে মাতরম’ এবং পরে জাতীয় সঙ্গীত গাওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘বন্দে মাতরম’ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গানে মোট ৬টি স্তবক রয়েছে। তবে ১৯৩৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নেয়, কেবল প্রথম দুটি স্তবকই গাওয়া হবে। পরে ১৯৫০ সালে স্বাধীন ভারতের সরকার সেই দুটি স্তবককেই রাষ্ট্রীয় গান হিসেবে স্বীকৃতি দেয়।
কেন্দ্রের সাম্প্রতিক নির্দেশিকাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের একাংশের দাবি, সব ৬টি স্তবক বাধ্যতামূলক করার সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এই পরিস্থিতিতেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।
এই মামলাটি প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানিয়ে উত্থাপন করা হয়েছে। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মামলাকারীর বক্তব্য, ৬টি স্তবক বাধ্যতামূলক করার ফলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উপর কোনও প্রভাব পড়বে কি না, তা বিচার করা প্রয়োজন। এ বিষয়ে আইনজীবী শিলাদিত্য রক্ষিত জানান, “কেন্দ্র যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে ‘বন্দে মাতরম’-এর ৬টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেই নির্দেশিকার বিরুদ্ধেই আমরা জনস্বার্থ মামলা দায়ের করেছি। আদালত মামলাটি গ্রহণ করেছে। আগামী সপ্তাহে শুনানি হওয়ার কথা রয়েছে।”
এখন নজর আদালতের রায়ে। কেন্দ্রের নির্দেশিকা বহাল থাকবে, নাকি তাতে কোনও পরিবর্তন আসবে তা নির্ভর করছে আসন্ন শুনানির উপর।
