2nd Hooghly Bridge : ১৭ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু …..
কিউ ইন্ডিয়া বাংলা :- রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। হাওড়া সিটি পুলিশের নির্দেশিকা অনুযায়ী, আজ ২৫ জানুয়ারি (রবিবার) ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
সেতু বন্ধ থাকার ফলে কলকাতা ও হাওড়ার মধ্যে চলাচলকারী যানবাহনগুলিকে নির্ধারিত বিকল্প পথ ব্যবহার করতে হবে। উল্লেখ্য, এর আগেও গত ১৪ ডিসেম্বর রক্ষণাবেক্ষণের কারণে ৮ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের অধীনে দ্বিতীয় হুগলি সেতুর কেবল বদলের কাজ চলছে। সেই কাজের অংশ হিসেবেই রবিবার সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতামুখী যান চলাচল
হাওড়া থেকে কলকাতামুখী যানবাহন হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু ও বালি ব্রিজ ব্যবহার করে শহরে প্রবেশ করবে। কোলাঘাট থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসা মালবাহী গাড়িগুলিকে নিবেদিতা সেতু হয়ে ধূলাগড়, নিবড়া, সলপ, পাকুরিয়া, বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী সিসিআর ব্রিজ ব্যবহার করে কলকাতায় ঢুকতে হবে। ডানকুনি দিক থেকে আসা মালবাহী গাড়িও নিবেদিতা সেতু ব্যবহার করবে।
হাওড়ামুখী যান চলাচল
কলকাতা থেকে হাওড়াগামী যানবাহন হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু দিয়ে চলাচল করবে। হাওড়া থেকে কোলাঘাটমুখী যাত্রিবাহী গাড়িগুলিকে কাজিপাড়া, জিটি রোড, ব্যাতাইতলা, আন্দুল রোড ও আলমপুর হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে উঠতে হবে। এছাড়াও কোনও এক্সপ্রেসওয়ে, নিবড়া ও অঙ্কুরহাটি হয়ে জাতীয় সড়ক ধরেও যাতায়াত করা যাবে।
ডানকুনিগামী যান চলাচল
ডানকুনিগামী যানবাহন ড্রেনেজ ক্যানাল রোড (শৈলেন মান্না সরণি), শানপুর ও হাওড়া-আমতা রোড (পুরনো বম্বে রোড) ধরে ১৬ নম্বর জাতীয় সড়কে উঠে সিসিআর ব্রিজ ব্যবহার করে মাইতি পাড়ার দিকে যাবে। বিকল্প হিসেবে কাজিপাড়া, জিটি রোড, ফোরশোর রোড, সালকিয়া ও বালি হয়েও মাইতি পাড়ায় পৌঁছনো যাবে।
