আজকের দিনেতিলোত্তমা

হিংসা ঠেকাতে এক দফা ভোট? বাড়ছে জল্পনা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে পশ্চিমবঙ্গে। হাতে আর খুব বেশি সময় নেই কয়েক মাসের মধ্যেই শুরু হতে চলেছে ভোটপর্ব। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলি। উন্নয়নের বার্তা নিয়ে শাসকদল যেমন জেলায় জেলায় জনসংযোগ জোরদার করছে, তেমনই বিরোধী শিবিরও মাঠে নেমে নিজেদের শক্তি সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে।

এই আবহেই রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে কি এ বার এক দফাতেই হবে বিধানসভা নির্বাচন? আর সেই সম্ভাবনাকে কেন্দ্র করেই জোরালো জল্পনা।

উল্লেখযোগ্যভাবে, গত কয়েকটি নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে একাধিক দফায়। অথচ দেশের এমন অনেক রাজ্য রয়েছে, যেখানে বাংলার তুলনায় বিধানসভা আসন সংখ্যা বেশি হলেও সেখানে কম দফায় ভোট করিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়টি নিয়ে আগেও প্রশ্ন তুলেছিল রাজ্যের শাসক দল। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনেও অভিযোগ করেছিলেন, অন্য রাজ্যে অল্প দফায় ভোট শেষ হয়ে গেলেও বাংলার ক্ষেত্রে ব্যতিক্রমী আচরণ করা হয়।

এবার সেই অভিযোগ বা বৈষম্যের জায়গা একেবারেই রাখতে চাইছে না নির্বাচন কমিশন এমনটাই ইঙ্গিত মিলছে প্রশাসনিক সূত্রে। আর সেই কারণেই পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, যদি জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করানোর সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে, তার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা কমিশনের কাছে জমা দিতে প্রস্তুত রাজ্যের সিইও দপ্তর। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের হাতেই থাকবে বলে স্পষ্ট করেন তিনি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই বারবার উঠে আসে হিংসার প্রশ্ন। ভোটের সময় বা ভোট-পরবর্তী হিংসায় অতীতে একাধিক জেলায় বোমাবাজি, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজনৈতিক নেতা-কর্মীদের মৃত্যুও ঘটেছে একাধিকবার। সেই কারণেই একাংশের মত, এক দফায় ভোট হলে অশান্তি ছড়ানোর সুযোগ তুলনামূলকভাবে কমতে পারে।

তবে এখানেই রয়েছে বড় চ্যালেঞ্জ। চলতি বছরে পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে বাংলায় এক দফায় ভোট হলে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন হবে, যা বাস্তবে কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠছে।

সব মিলিয়ে, পশ্চিমবঙ্গে এক দফায় ভোট হবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমেই বাড়ছে। শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে নির্বাচন কমিশন, সেদিকেই এখন তাকিয়ে রাজ্য রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *