স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা নোটিশ, সরব বিরোধী শিবির
কিউ ইন্ডিয়া বাংলা :- লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে সরব হল বিরোধী শিবির। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার লক্ষ্যে ইতিমধ্যেই নোটিশ জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার কংগ্রেসের তরফে এই নোটিশ জমা দেওয়া হয় লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে।
কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানান, লোকসভার কার্য পরিচালনা বিধির ৯৪(সি) ধারা অনুযায়ী আজ দুপুর ১টা ১৪ মিনিটে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ পেশ করা হয়েছে। ওই নোটিশে স্বাক্ষর করেছেন মোট ১১৯ জন সাংসদ। শুধু কংগ্রেস নয়, বিভিন্ন বিরোধী দলের সাংসদরাও এই নোটিশে স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে।
ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের মূল অভিযোগ, তিনি লোকসভার স্পিকার হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না। গৌরব গগৈর দাবি, সংসদের অধিবেশন পরিচালনার সময় শাসক দলের সাংসদদের বক্তব্যে অগ্রাধিকার দেওয়া হলেও বিরোধীদের কথা বারবার রুদ্ধ করা হচ্ছে। নিয়ম মেনেও বিরোধী সাংসদদের কথা বলতে দেওয়া হচ্ছে না, এমনকী প্রশ্ন তোলা বা প্রতিবাদ জানালেও মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
শাসক ও বিরোধী দলের টানাপোড়েনে বর্তমানে উত্তপ্ত সংসদের চলতি বাজেট অধিবেশন। এই আবহে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ সংসদের রাজনৈতিক সংঘাতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি লোকসভায় প্রবল হইহট্টগোলের ঘটনা ঘটে। সেদিন অধিবেশন চলাকালীন শাসক ও বিরোধী সাংসদদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সংসদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। ওই ঘটনার জন্য শাসক ও বিরোধী শিবির একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলে।
এদিকে, ওই হইহট্টগোলের ঘটনার পর বিরোধী সাংসদদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়ে স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন বিজেপির মহিলা সাংসদরা। তাঁদের অভিযোগ, সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন বিরোধী সদস্যরা।
সব মিলিয়ে, স্পিকারকে ঘিরে অনাস্থা প্রস্তাবের উদ্যোগ সংসদের অচলাবস্থা আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, এই নোটিশ নিয়ে পরবর্তী পদক্ষেপ কী নেয় লোকসভার সচিবালয় এবং সংসদের অধিবেশনে এর কী প্রভাব পড়ে।
