সাঁইথিয়ায় উদ্ধার অঙ্গনওয়াড়ি কর্মীর দেহ
কিউ ইন্ডিয়া বাংলা :- বীরভূম জেলার সাঁইথিয়া নিজের ঘর থেকে উদ্ধার হল এক অঙ্গনওয়াড়ি কর্মীর মৃতদেহ । পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।
গতকাল ১৬ ই ফেব্রুয়ারি সোমবার রাতে বীরভূম জেলার সাঁইথিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের বেহুলা পাড়া এলাকায় এক মহিলার দেহ উদ্ধার হয় তার বাড়ির ভেতর থেকে । মৃতার নাম গীতা দত্ত (৫২)। তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন ।
স্থানীয় গ্রামবাসীরা জানান, তারাই প্রথম ওই মহিলার মৃতদেহ দেখতে পান । সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় সাঁইথিয়া থানায় । পুলিশ ঘটনাস্থলে এসে ওই মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
ওই মহিলা গীতা দত্ত বাড়িতে একা থাকতেন বলে জানা গিয়েছে। তার দিদি তাকে ফোনে না পাওয়ায় প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করে। প্রতিবেশীরা খোঁজাখুঁজি করলে তার ঘরে গিয়ে দেখতে পায় ওই মহিলার রক্তাক্ত দেহ তার ঘরের মেঝেতে পড়ে আছে । পরিবারের লোকজন এখানে এসে দেখেন বাড়ির কিছু জিনিসপত্র খোয়া গেছে। যা থেকে এই ঘটনার সঙ্গে দুষ্কৃতী যোগের সম্ভাবনা তীব্র হচ্ছে । ঘটনাটি ঘিরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ।
পুলিশ সূত্রের খবর, তারা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে । এখনো অব্দি ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ধার করে সঠিক দোষীকে শাস্তি দেওয়ার জন্য দ্রুত গতিতে তদন্ত চালাচ্ছে পুলিশ ।
