আজকের দিনেভারত

রিলস বানানোর নেশায় মর্মান্তিক পরিণতি তরুণীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো বর্তমান সমাজে ভয়ঙ্কর একটি নেশায় পরিণত হয়েছে । আর এই রিলস এর নেশায় মৃত্যুর খবরও উঠে এসেছে অনেকবার । এবার ঘটনাটি উত্তরপ্রদেশের । নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে একজনের । মৃতার নাম মোহিনী (২৭) । নিজের বাড়িতেই রিল বানাতে গিয়ে মৃত্যু হয়েছে তার ।

সূত্রের খবর, ঝুলে থাকা একটি দৃশ্য অভিনয় করে মোবাইলে ভিডিও রেকর্ড করছিলেন ওই মহিলা। মোবাইল ক্যামেরা সেট করে গলায় দড়ি লাগিয়ে স্টুলের ওপর তিনি দাঁড়িয়ে ছিলেন । অনুমান করা হচ্ছে ভারসাম্য কোন ভাবে হারিয়ে ফেলায় স্টুলটি ওখান থেকে সরে যায় এবং দড়িটি গলায় শক্ত হয়ে ফাঁস লেগে আটকে যায় এবং তিনি নিজেকে মুক্ত করতে না পারায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তার । ঘটনাটি প্রথম দেখতে পায় ওই মহিলার চার বছরের মেয়ে । মাকে ঝুলন্ত অবস্থায় দেখে শিশুটি চিৎকার শুরু করে । আর সেই চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশের খবর দেন । প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃতদেহকে ময়নাতদন্ত করতে পাঠায় । দুর্ঘটনা ছাড়া অন্য কোন কারণ আছে কিনা সেটা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ ।

এই ধরনের ঘটনা বর্তমান সমাজের এক শ্রেণীর মানুষের রুচিবোধের উপর প্রশ্ন তুলে দিচ্ছে । মানুষ সোশ্যাল মিডিয়ায় লাইক ও ভিউ পাওয়ার জন্য এর জীবন অনেক সময় ঝুঁকিতে নিয়ে যাচ্ছে যেটা কখনোই কাম্য নয় । মানুষের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত নয়তো এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আরও দেখা দেবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *