আজকের দিনেতিলোত্তমা

রিমোট অ্যাক্সেসে ব্যাঙ্ক ফাঁকা, কলকাতা পুলিশের জালে প্রতারকরা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মহেশতলার একটি আবাসনের ফ্ল্যাট থেকেই চলছিল সুদূর আমেরিকায় সাইবার প্রতারণার চক্র। নিজেদের মাইক্রোসফটের টেকনিক্যাল সাপোর্ট কর্মী পরিচয় দিয়ে বিদেশি নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলছিল একটি চক্র। গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে অভিযান চালিয়ে ওই ভুয়ো কলসেন্টার ভেঙে দেয় কলকাতা পুলিশের সাইবার সেল। এই ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বয়স মাত্র ১৮ বছর। অভিযুক্তরা গার্ডেনরিচ, এন্টালি, বেনিয়াপুকুর, তিলজলা, নিউ মার্কেট, করেয়া এবং হুগলির শ্রীরামপুর এলাকার বাসিন্দা।

তদন্তে উঠে এসেছে, মহেশতলার গ্রিনফিল্ড সিটি আবাসনের একটি ফ্ল্যাট থেকেই গোটা অপারেশন চালানো হত। আমেরিকার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়ো কাস্টমার সাপোর্ট নম্বর ছড়িয়ে দেওয়া হতো। সেই নম্বরে কেউ ফোন করলেই নিজেদের মাইক্রোসফটের টেকনিক্যাল সাপোর্ট এক্সিকিউটিভ বলে পরিচয় দিত চক্রের সদস্যরা।
এরপর ভুক্তভোগীদের ভয় দেখিয়ে টিম ভিউয়ার, আলট্রা ভিউয়ার বা এনি ডেস্কের মতো রিমোট অ্যাক্সেস সফটওয়্যার ইনস্টল করানো হতো। সেই সফটওয়্যারের মাধ্যমে ভুক্তভোগীদের কম্পিউটার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে টাকা হাতিয়ে নেওয়া হত। লুট করা অর্থ কখনও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরানো হয়েছে, কখনও আবার অ্যাপল গিফট কার্ডে রূপান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরিচয় গোপন রাখতে উন্নত মানের ভিপিএন ব্যবহার করত অভিযুক্তরা। অভিযানের সময় পুলিশ ৫টি ল্যাপটপ, ২টি ওয়াই-ফাই রাউটার, ১২টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ ডিজিটাল নথি উদ্ধার করেছে।

এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, অথবা এর নেপথ্যে কোনও বড় মাথা আছে কি না, তা খতিয়ে দেখতে বিশদ তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার সেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *