আজকের দিনেভারত

রাজস্থানে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭ শ্রমিক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজস্হানের ভিওয়ান্ডির শিল্পাঞ্চলে সোমবার সকালে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন আরও ১৩ জন। কয়েকজন এখনও ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

ভিওয়ান্ডি পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, খুশখেদা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় শিফট পরিবর্তনের সময় সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকা বিস্ফোরণ ঘটে। সেই সময় কারখানায় প্রায় ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। পরপর একাধিক বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়।

খবর পেয়ে খৈরতাল, তিজারা-সহ আশপাশের শিল্পাঞ্চল থেকে অন্তত ২০টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। কারখানায় প্রচুর রাসায়নিক মজুত থাকায় আগুন নেভাতে জল ছাড়াও বিপুল পরিমাণ ফোম ব্যবহার করতে হয়। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ভিতরে এখনও পকেট ফায়ার রয়েছে।

ভিওয়ান্ডির অতিরিক্ত জেলাশাসক সুমিতা মিশ্র জানান, টহলদারি পুলিশ প্রথমে বিস্ফোরণের পর লেলিহান আগুন দেখতে পায়। এরপরই পুলিশ, দমকল, মেডিক্যাল টিম ও জেলা প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছন।

কী কারণে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। তিজারা এলাকার ডেপুটি পুলিশ সুপার শিবরাজ সিং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারখানাটি নিরাপত্তা বিধি মেনে চলছিল কিনা, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা এবং প্রবেশ-প্রস্থান পথ খোলা ছিল কিনা সব দিক খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *