আজকের দিনেভারত

যোগী রাজ্যে ফের গণধর্ষণ!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ ফের যোগী রাজ্যে গণধর্ষণ! যা নিয়ে এখন উত্তাল রাজ্য-রাজনীতি। এই রকম ঘটনা প্রথম যোগী রাজ্যে ঘটেনি। এর আগেও একাধিক ঘটনা ঘটেছে। যার মধ্যে উল্লেখযোগ্য উন্নাও, হাতরাস, কাঠুয়া বা বিলকিস বানোর মতো ঘটনা। এবার উত্তরপ্রদেশে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের বালিয়ায়। কিশোরীকে গ্রামের পাঁচ যুবক মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ৷ প্রথমে অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ চায়নি বলেও অভিযোগ। তবে চাপে পড়ে এবার অভিযুক্তদের ধরতে বেশ কয়েকটি দল গঠন করেছে পুলিশ৷

গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ির কাছেই একটি মাঠে গিয়েছিল ওই কিশোরী। তখন গ্রামেরই পাঁচ যুবক সেখানে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতে শুরু করে। ওই কিশোরী এসবের প্রতিবাদ করলে তাঁর মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়া হয় নির্জন জায়গায়। সেখানে ওই কিশোরীকে লাগাতার গণধর্ষণ করা হয়। কিশোরীর অবস্থা খারাপ হলে তাঁকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। এমনকী অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় হুমকিও দিয়ে যায়। নির্যাতিতা ওই অত্যাচারের পর খুব কষ্ট করে বাড়ি ফিরে আসে। তাঁকে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। কী হয়েছে জিজ্ঞাসা করতেই গোটা ঘটনাটি জানায় কিশোরী। তখনই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। গ্রামের পাঁচ যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত অফিসার হিতেশ কুমার জানান, অভিযুক্তদের সকলের বয়স ২০-২৫ বছরের মধ্যে। তাঁরা সকলেই একই গ্রামে থাকে। বালিয়ার পুলিশ সুপার ওমবীর সিং বলেছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে৷ দ্রুত সকলকে গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *