যুব মুখে জোর, চমকে ভরপুর তৃণমূলের প্রার্থী তালিকা
কিউ ইন্ডিয়া বাংলা :- বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যের শাসকদল চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্যে রণকৌশল সাজাতে ব্যস্ত। সেই আবহে কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন। দলীয় সূত্রের খবর, ওই বৈঠকেই প্রার্থী তালিকা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার কালীঘাটে একাধিক দফায় বৈঠক হয়। সূত্রের দাবি, সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগও করা হয়েছে। সব মিলিয়ে শাসকদলের প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত বলেই খবর।
এবারের টিকিট পাওয়ার তালিকায় থাকতে পারে একাধিক চমক। শোনা যাচ্ছে, বাংলার এক জনপ্রিয় গায়িকাকে প্রার্থী করা হতে পারে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীর নামও ঘুরছে সম্ভাব্য তালিকায়। বিনোদন জগতের পরিচিত মুখদের প্রার্থী করে ভোটের লড়াইয়ে বাড়তি প্রচারের সুবিধা নেওয়ার কৌশলই নিতে পারে দল।
অন্যদিকে, দলের ভিতরে নবীন নেতৃত্বকে সামনে আনার পক্ষে বারবার সওয়াল করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই বার্তার প্রতিফলন এবারের তালিকায় স্পষ্ট হতে পারে বলেই ইঙ্গিত। সূত্রের খবর, প্রায় চল্লিশজন নবীন মুখকে প্রার্থী করা হতে পারে। যুব প্রজন্মকে বড় দায়িত্ব দিয়ে সংগঠন ও প্রশাসনে নতুন উদ্যম আনার পরিকল্পনা রয়েছে।
তবে শুধু নবীনরাই নয়, প্রবীণদেরও সম্পূর্ণ বাদ দেওয়া হচ্ছে না। বরং কিছু প্রবীণ নেতাকে সরাসরি নির্বাচনী লড়াইয়ের বদলে সংগঠনের দায়িত্বে রাখা হতে পারে। এতে গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনা তৈরি হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তৃণমূলের দাবি, নবীন ও প্রবীণের সমন্বয়েই শক্তিশালী বার্তা দিতে চাইছে শীর্ষ নেতৃত্ব। এছাড়া রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রীর আসন বদল নিয়েও জোর জল্পনা চলছে। সূত্রের দাবি, বেশ কয়েকজন বর্তমান মন্ত্রীর বিধানসভা কেন্দ্র পরিবর্তন হতে পারে। কৌশলগত কারণে তাঁদের নতুন আসনে প্রার্থী করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। কোন মন্ত্রী কোথা থেকে লড়বেন, তা নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।
সব মিলিয়ে তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে বাড়ছে জল্পনা। নবীনদের বাড়তি গুরুত্ব, চমকপ্রদ মুখ এবং সম্ভাব্য আসন বদল এই তিন কৌশলেই কি ভোটের ময়দানে নামবে শাসকদল, এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
