আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

মোদির পর মমতার সভা, নজর সিঙ্গুরে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- হুগলির সিঙ্গুর আবারও রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু রাজনৈতিক সভাই নয়, সেই মঞ্চ থেকেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কিস্তির টাকা প্রদান করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর সফরের খবর ছড়াতেই সিঙ্গুর-সহ গোটা জেলাজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন একটাই শিল্প নিয়ে কোনও গুরুত্বপূর্ণ বার্তা বা বড় ঘোষণা করেন কিনা মুখ্যমন্ত্রী। কারণ, সিঙ্গুরের সঙ্গে শিল্পের সম্পর্ক বরাবরই সংবেদনশীল।

এর আগে ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভায় তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, বিজেপির সরকার এলে রাজ্যে সিন্ডিকেট রাজ ও মাফিয়ারাজ শেষ হবে। আইন-শৃঙ্খলা ফিরলেই শিল্প ও বিনিয়োগ আসবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। ওইদিন সিঙ্গুর থেকেই ৮৩০ কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। নতুন রেললাইন ও ট্রেনের সূচনাও হয়।

তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব শিল্প নিয়ে বড় ঘোষণার কথা বললেও, মোদির ভাষণে সিঙ্গুরের শিল্প নিয়ে আলাদা কোনও বার্তা শোনা যায়নি। তা নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছে।

এই আবহেই মোদির সভার পরপর সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সেখানে প্রশাসনিক সভা করবেন এবং আরও ১৬ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে ঘর করে দেওয়ার ঘোষণা দিতে পারেন। এই প্রকল্পে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ১৯ হাজার কোটি টাকারও বেশি।

প্রসঙ্গত উল্লেখ্য, সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিল্পের নামে কৃষকদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন থেকেই তাঁর রাজনৈতিক উত্থান। ক্ষমতায় আসার পরে সেই জমি চাষিদের ফিরিয়ে দেয় রাজ্য সরকার। প্রায় ১৭ বছর পর ফের সিঙ্গুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, বিশেষ করে শিল্প নিয়ে সেদিকেই এখন তাকিয়ে রাজ্য রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *