আজকের দিনেবাংলার আয়না

মালদহে চাকরির নামে কোটি টাকার প্রতারণা অভিযোগ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মালদহ জেলায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। অভিযোগের তীর নাজিউল শেখ ও তাঁর বোনের দিকে। দাবি, প্রায় সাড়ে চার হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হলেও মাসের পর মাস কেটে গেলেও কাউকেই কাজে যোগ দিতে বলা হয়নি। টাকা ফেরত চাইলে উল্টে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এমনকি থানায় অভিযোগ জানাতে গেলেও তা নেওয়া হয়নি বলে দাবি প্রতারিতদের। শেষ পর্যন্ত জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, জাতীয় সড়কের ধারে “মালদহ মিশন হাসপাতাল” নামে একটি নার্সিংহোম ২০২৫ সালে তৈরি হয়। এরপর সমাজমাধ্যমে নার্সিং, গ্রুপ-ডি, টেকনিশিয়ান, সিকিউরিটি-সহ বিভিন্ন পদে প্রায় সাড়ে চার হাজার শূন্যপদের বিজ্ঞাপন দেওয়া হয়। বিপুল কর্মসংস্থানের আশায় শুধু মালদহ নয়, রাজ্যের নানা প্রান্ত থেকে আবেদন জমা পড়ে। বহু প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্যও ডাকা হয়।

প্রতারিতদের অভিযোগ, ইন্টারভিউয়ের পর প্রত্যেকের কাছ থেকেই টাকা নেওয়া হয়। হিসেব করলে মোট অঙ্ক দাঁড়ায় কয়েক কোটি টাকা।
ড্রেসের জন্য নেওয়া হয় প্রায় ৫ হাজার টাকা,
দ্রুত যোগদানের নামে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। শর্ত ছিল দুই মাসের মধ্যে কাজে যোগদান। কিন্তু দুই মাস তো দূরের কথা, এক বছর পার হলেও কাউকে ডাকা হয়নি। এরপর টাকা ফেরতের দাবিতে নার্সিংহোমে গেলে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। বরং হুমকি দেওয়া হয়েছে বলে দাবি চাকরিপ্রার্থীদের। অভিযোগ জানাতে গেলে কালিয়াচক থানায় অভিযোগ নেওয়া হয়নি বলেও তাঁদের দাবি। শেষ পর্যন্ত জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেন প্রতারিতরা। প্রশাসনের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে, নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *