মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রী
কিউ ইন্ডিয়া বাংলা :- ২ ফেব্রুয়ারি ২০২৬,শুরু হলো ছাত্র ছাত্রীদের জীবনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রথম পরীক্ষা,মাধ্যমিক। এই পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগেই পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমায় এক অনভিপ্রেত পরিস্থিতি সামনে আসে।
কালনা শহরের বেগপুর পঞ্চায়েতের পার সাহাপুর এলাকার ১৬ বছর বয়সী তানিশা খাতুন নামে এক ছাত্রী, যার মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত ছিল কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, সেই কেন্দ্রে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঐ ছাত্রী।
প্রাথমিকভাবে জানা যায় পরীক্ষার কিছুক্ষণ আগেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি দ্রুত গুরুতর হওয়ায় সে অজ্ঞান হয়ে পড়ে এবং পরীক্ষায় বসতে অক্ষম হয়। খবর পেয়ে কেন্দ্রস্থ শিক্ষক ও কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন এবং তাঁকে তৎক্ষণাৎ কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তানিশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন বলে জানা যাচ্ছে।
পরিবারের সদস্যরা ও স্থানীয়রা এই ঘটনার ফলে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। জেলা মনিটরিং কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তানিশার শারীরিক অবস্থা পরীক্ষার উপযোগী হলে হাসপাতালেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে এবং শিক্ষা দফতর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
রাজ্যজুড়ে আজ থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রায় ৯ লক্ষ ৭১ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন এবং পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।
