আজকের দিনেতিলোত্তমা

মহাশিবরাত্রিতে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আজ, রবিবার মহাশিবরাত্রি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যতিথির এই দিনে তিনি শান্তি, সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। বাংলার বহুত্ববাদী ঐতিহ্যকে স্মরণ করিয়ে তিনি বলেন, সব ধর্মের মানুষের জন্য সমানভাবে ধর্মস্থানগুলির সংস্কার ও উন্নয়ন করে চলেছে রাজ্য সরকার।

একই সঙ্গে রাজনৈতিক উত্তেজনার আবহে বিভাজনের চেষ্টা নিয়ে সতর্কবার্তাও উঠে এসেছে তাঁর বক্তব্যে। বিভিন্ন মহলে আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনের আগে কিছু জায়গায় অশান্তি তৈরির চেষ্টা হতে পারে। সেই প্রেক্ষিতেই তিনি পুনরায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দেন সাধারণ মানুষের উদ্দেশে।

সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ শিবমন্দিরের সংস্কার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের সার্বিক সংস্কারের পাশাপাশি ভক্তদের সুবিধার্থে স্কাইওয়াক নির্মাণ করা হয়েছে। হুগলির তারকেশ্বর মন্দির ও আশপাশের উন্নয়নের জন্য গঠন করা হয়েছে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি; মন্দির চত্বরের সৌন্দর্যায়ন, আলোর ব্যবস্থা ও দুধপুকুরের পাশ দিয়ে রাস্তা তৈরির মতো কাজ করা হয়েছে।

এছাড়াও বর্ধমানের ১০৮ শিবমন্দির, কোচবিহারের হিরণ্যগর্ভ শিবমন্দির, উত্তর দিনাজপুরের প্রমথেশ্বর জিও শিবমন্দির, বীরভূমের বক্রেশ্বর এলাকার পর্যটন পরিকাঠামো এবং পশ্চিম মেদিনীপুরের দাঁতনের শ্যামলেশ্বর শিবমন্দিরের সংস্কার হয়েছে। পূর্ব বর্ধমানের কালনার ১০৮ শিবমন্দিরের আলোকসজ্জা, হুগলির চণ্ডীতলার বক্সা শিবমন্দির, দারহাট্টার রাজেশ্বর শিবমন্দির ও জাঙ্গিপাড়ার হরিরামপুরের শিবমন্দিরের কাজও সম্পন্ন হয়েছে।

এছাড়া শিলিগুড়িতে ‘মহাকাল মহাতীর্থ’ গড়ে তোলা হচ্ছে, যেখানে বিশ্বের অন্যতম উচ্চতম শিবমূর্তি স্থাপন করা হবে। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে এই প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী। সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরে মহাশিবরাত্রির দিনেও রাজ্যের মানুষের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *