ভারতে আটক ২৪ মৎসজীবী
কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলায় যখন এসআইআর নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই সময় আবার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ উঠল একটি বাংলাদেশি ট্রলারের বিরুদ্ধে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করেছে। ট্রলারে থাকা ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও ধরা হয়েছে।
জানা গেছে, আটক ট্রলারটির নাম ‘এফবি সাফওয়ান’। রবিবার সন্ধ্যায় ফ্রেজারগঞ্জ উপকূলের কাছে টহল দিচ্ছিল কোস্ট গার্ডের একটি জাহাজ। সেই সময় ভারতীয় জলসীমার ভেতরে একটি ট্রলারকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে কোস্ট গার্ড। এরপর ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়।
তল্লাশিতে দেখা যায়, ট্রলারে ২৪ জন মৎস্যজীবী রয়েছেন। সবাই বাংলাদেশের বাসিন্দা। সোমবার ট্রলারটি ও মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয়। পরে তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিনা অনুমতিতে ভারতীয় জলসীমায় ঢোকা এবং অবৈধভাবে মাছ ধরার অভিযোগে মামলা হয়েছে। ধৃতদের মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। এদিকে আটক হওয়া এক বাংলাদেশি মৎস্যজীবী জানান,“আমাদের ট্রলারের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল। তাই আমরা ভেসে ভেসে এখানে চলে আসি। আমরা বুঝতেই পারিনি যে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছি।” এর আগেও এমন ঘটনায় একাধিক বাংলাদেশি ট্রলার আটক হয়েছে।
