বারুইপুরে ধরা পড়ল আন্তর্জাতিক পাচারকারী
কিউ ইন্ডিয়া বাংলা :- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পোস্ট অফিসে ধরা পড়ল আন্তর্জাতিক বন্যপ্রাণ পাচারের চেষ্টা। মিনাতুল্লাহ নেগাবন (৪১) নামে একজন ব্যক্তি পোস্ট অফিসে বড় বড় প্যাকেট নিয়ে আসেন শাড়ি পাঠানোর উদ্দেশ্যে। তবে প্যাকেটের অস্বাভাবিক আকার, ওজন ও মোড়ক দেখে ডাক কর্মীদের সন্দেহ হয়। প্যাকেট খুলে দেখার অনুরোধে অভিযুক্ত আচমকাই পালানোর চেষ্টা করেন। উপস্থিত কর্মীরা তাঁকে দ্রুত ধরে বারুইপুর থানায় খবর দেন।
পুলিশ এসে গ্রেফতার করে এবং বাজেয়াপ্ত প্যাকেটগুলি পরীক্ষা করলে দেখা যায় শাড়ির ভাঁজের মধ্যে ৪১টি আলাদা প্যাকেটে মাছরাঙা পাখির পালক লুকানো ছিল। প্রাথমিক অনুমান, এগুলো চিনে পাচারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। ধৃতের বাড়ি সুন্দরবনের ঢোলাহাট থানার উত্তরাবাদ এলাকায়।
জিজ্ঞাসাবাদে মিনাতুল্লাহ জানিয়েছেন, তিনি বিহার থেকে পালকগুলো সংগ্রহ করেছেন। তবে পুলিশ মনে করছে, এটি সম্ভবত একটি বড় আন্তর্জাতিক বন্যপ্রাণ পাচার চক্রের অংশ। স্থানীয় বন দফতরকে ঘটনাস্থলে ডাকা হয়েছে এবং তদন্ত এখনো চলছে।
পাখির পালক আন্তর্জাতিক বাজারে অলংকার ও সংগ্রহযোগ্য সামগ্রী হিসেবে দামি হওয়ায় এই ধরনের পাচার বন্যপ্রাণের ক্ষতি করে এবং আইনের কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। বারুইপুর পোস্ট অফিসের তৎপরতার কারণে এক ভয়ঙ্কর পাচার চক্র ভেস্তে গেছে।
