আজকের দিনেগ্রীন রুম

বড়পর্দায় ফিরছেন আর্শিয়া

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- জাহরা বিজনেস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নিবেদিত ও ইন্ডিজেনাস ফিল্মস প্রযোজিত ছবি ‘ওসিডি’ শিশু নির্যাতনের মতো এক গভীরভাবে সংবেদনশীল এবং দীর্ঘদিন উপেক্ষিত সামাজিক বাস্তবতাকে সামনে আনতে চলেছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তাঁর ছোটবেলার চরিত্রে দেখা যাবে আর্শিয়া মুখোপাধ্যায়কে।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ভুতু’-তে শিশুশিল্পী হিসেবে দর্শকের মন জয় করেছিল আর্শিয়া। এরপর স্টার জলসার ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে। দীর্ঘদিন পর এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে আর্শিয়ার। এছাড়াও আর্শিয়াকে দেখা যাবে একটি ওয়েব সিরিজে। সূত্রের খবর, ‘প্ল্যাটফর্ম এইট’-এ মুক্তি পেতে চলা কমেডি সিরিজ ‘স্বর্গরথ সরগরম’-এ অভিনয় করেছে সে। সিরিজটির পরিচালনায় রয়েছেন অরিজিৎ টোটোন চক্রবর্তী। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, লোকনাথ দে ও পূষণ দাশগুপ্ত।

ছবি প্রসঙ্গে পরিচালক সৌকর্য জানান, ‘ওসিডি’ তাঁর কাছে একটি প্রতিবাদী কাজ। তাঁর মতে, সমাজে পরিচিত অপরাধীরাই বহু ক্ষেত্রে শিশু নির্যাতনের ঘটনায় আড়ালে থেকে যায়, কারণ ভুক্তভোগী শিশুরা ভয় ও অবিশ্বাসে মুখ খুলতে পারে না। তিনি আরও বলেন, বাইরে থেকে প্রগতিশীল মনে হলেও সমাজের ভিতরে এখনও গভীর ভণ্ডামি রয়েছে। অনেক পরিবার সামাজিক লজ্জা ও কুসংস্কারের কারণে শিশুর সত্যকে আড়াল করে রাখে। সৌকর্যের কথায়, আজও অপরাধীর বদলে ভুক্তভোগীকেই কলুষিত করা হয়। শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব ভয়াবহ—যা অনেক ক্ষেত্রে আত্মবিধ্বংসী পরিণতির দিকে ঠেলে দেয়।

এক নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকেই গল্প বলা হয়েছে ‘ওসিডি’ ছবিতে। ছবিটি মুক্তি পাবে ৬ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *