আজকের দিনেখেলা

প্রয়াত প্রাক্তন বিসিসিআই সভাপতি আইএস বিন্দ্রা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভারতীয় ক্রিকেটে নেমে এল গভীর শোক। প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণের খবর জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্বে ছিলেন আইএস বিন্দ্রা। আধুনিক ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক ও বাণিজ্যিক রূপান্তরে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিপণন ও সম্প্রচারের ক্ষেত্রে তিনি যে সাহসী সিদ্ধান্তগুলি নিয়েছিলেন, তা ভারতীয় ক্রিকেটকে নতুন যুগে প্রবেশ করায়।
১৯৭৮ সাল থেকে দীর্ঘ ৩৬ বছর, অর্থাৎ ২০১৪ সাল পর্যন্ত পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন বিন্দ্রা। তাঁর উদ্যোগেই তৈরি হয় মোহালির পিসিএ স্টেডিয়াম। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে স্টেডিয়ামের নাম বদলে রাখা হয় ‘আইএস বিন্দ্রা স্টেডিয়াম’।

১৯৮৭ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি, প্রাক্তন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

বিন্দ্রার সবচেয়ে আলোচিত প্রশাসনিক সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম ছিল ক্রিকেট সম্প্রচারে বেসরকারি সংস্থাকে যুক্ত করা। ১৯৯৪ সালে দূরদর্শনের একচেটিয়া সম্প্রচার অধিকার ভাঙতে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই মামলার ফলেই ভারতের ক্রিকেট সম্প্রচারে বিপ্লব আসে। ইএসপিএন-সহ একাধিক বেসরকারি সম্প্রচার সংস্থা ভারতের বাজারে প্রবেশ করে, যা ভারতীয় ক্রিকেটকে আর্থিকভাবে আরও শক্তিশালী করে তোলে।

প্রাক্তন বিসিসিআই সভাপতির মৃত্যুতে শোকপ্রকাশ করে জয় শাহ এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন, “বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এবং ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক মহীরুহ আইএস বিন্দ্রার প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর দেখানো পথ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

ব্যক্তিগত জীবনে আইএস বিন্দ্রা রেখে গিয়েছেন এক পুত্র ও এক কন্যাকে। তাঁর প্রয়াণে ভারতীয় ক্রিকেট হারাল এক অভিজ্ঞ, দূরদর্শী ও প্রভাবশালী প্রশাসককে, যাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *