আজকের দিনেখেলাতিলোত্তমা

নন্দনে আন্তর্জাতিক ক্রীড়া উৎসব

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ৪ ফেব্রুয়ারি থেকে কলকাতার নন্দনে শুরু হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব। তা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর বিশ্বের ১৬টি দেশ থেকে মোট ৩০টি ক্রীড়া-ভিত্তিক ছবি দেখানো হবে এই উৎসবে। বাঙালি পরিচালকদের ছবির পাশাপাশি থাকছে একাধিক বিদেশি পরিচালকের উল্লেখযোগ্য কাজ।

এই উৎসবের অন্যতম বড় আকর্ষণ ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা ও লিওনেল মেসিকে নিয়ে নির্মিত ছবি। আর্জেন্টিনার বর্তমান মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘মেসি’ পরিচালনা করেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে অধিনায়ক হওয়ার পর প্রথমবার কলকাতায় এসেছিলেন মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে সেই প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সম্প্রতি দ্বিতীয়বার কলকাতায় এসেছেন তিনি। এবার বড় পর্দায় মেসিকে দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমী বাঙালি দর্শকরা।

অন্যদিকে, ’৮৬-র বিশ্বজয়ী দিয়েগো মারাদোনার সঙ্গে কলকাতার আবেগ বহুদিনের। একাধিকবার শহরে এসেছেন এই ফুটবল কিংবদন্তি। তাঁকে নিয়েও একটি তথ্যচিত্র দেখানো হবে ক্রীড়া চলচ্চিত্র উৎসবে, যা নিঃসন্দেহে দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে। তবে এই উৎসব শুধুমাত্র ফুটবলেই সীমাবদ্ধ নয়। অন্যান্য খেলাধুলা নিয়েও থাকছে একাধিক উল্লেখযোগ্য ছবি। এর মধ্যে অন্যতম মীরা নায়ারের ‘কুইন অফ কাটওয়ে’ (২০১৬)। উগান্ডার কাম্পালার বস্তি এলাকায় বসবাসকারী ফিওনা মুতেসির জীবনের গল্প নিয়ে তৈরি এই ছবিতে দেখানো হয়েছে কীভাবে দাবার প্রতি ভালোবাসা ও কোচ রবার্ট কাটেন্ডের সহচর্যে সে আন্তর্জাতিক স্তরের দাবাড়ু হয়ে ওঠে।

এছাড়াও থাকছে রিমা কাগতির পরিচালিত ‘গোল্ড’ (২০১৮)। এই ছবিতে ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ইংল্যান্ডকে হারিয়ে স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক সোনা জয়ের গল্প তুলে ধরা হয়েছে। ছবির কেন্দ্রে রয়েছেন তপন দাস এক বঙ্গ সন্তান, যাঁর নেতৃত্ব ও দৃঢ়তায় ভারতীয় হকি দল ঐতিহাসিক জয় পেয়েছিল। তিন গোল খাওয়ার পরও চার গোলে জয় এবং হিম্মত সিংয়ের জয়সূচক গোলের নেপথ্যের নাটকীয় সিদ্ধান্তগুলো ছবিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে অতীতের ম্যাচগুলোর পুনর্নির্মাণ ছবিটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। এই ছবিটিও নন্দনে বড় পর্দায় আবার দেখানো হবে।
ভারত ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে আমেরিকা, রাশিয়া, চিন, ইরান, মেক্সিকো, অস্ট্রেলিয়া-সহ মোট ১৬টি দেশ। উৎসবে প্রদর্শিত অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ইরা দেওকুলের ‘অ্যাথলিটস আর ম্যাড’, অ্যাডাম লাপালোর ‘আনটাচেবল’, রোজাউরা আরান্ডার ‘আনটিল ডেথ’ এবং দিমিত্রি ভিঙ্গুরস্কির ‘বিলিভ ইন আ ড্রিম’।

ক্রীড়া, সংগ্রাম, আবেগ আর অনুপ্রেরণার গল্প নিয়ে নন্দনে শুরু হতে চলেছে এক অনন্য চলচ্চিত্র উৎসব—যেখানে খেলাধুলা ধরা দেবে বড় পর্দার আলোয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *