বাংলার আয়না

নদিয়ার শান্তিপুরে চাঞ্চল্য

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কন্যাসন্তান হওয়ার অপরাধে সদ্যোজাতকে জীবিত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের পূর্ব পরেশনাথপুর দাসপাড়ায়।
অভিযুক্ত দম্পতির নাম রাম দাস ও কাকলি দাস। তাঁদের ইতিমধ্যেই এক পুত্র ও দুই কন্যাসন্তান রয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার ভোরে বাড়িতেই কন্যাসন্তানের জন্ম দেন কাকলি দাস। অভিযোগ, চতুর্থবারেও কন্যাসন্তান হওয়ায় সূর্য ওঠার আগেই সদ্যোজাতকে বস্তাবন্দি করে স্থানীয় একটি পুকুরে ফেলে দেন দম্পতি। পরে পুকুরে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করেন দুই স্থানীয় বাসিন্দা। দ্রুত একরত্তিকে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে শিশুটি আইসিইউতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছে সদ্যোজাতটি।

এই ঘটনার পর প্রথমে কে বা কারা শিশুটিকে পুকুরে ফেলেছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে স্থানীয়দের সন্দেহ গিয়ে পড়ে রাম ও কাকলি দাসের উপর। প্রতিবেশীরা তাঁদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযোগ, তখনই রাম দাস স্বীকার করেন চতুর্থবারেও কন্যাসন্তান হওয়ায় তিনি শিশুটিকে পুকুরে ফেলে দেন। অভিযুক্ত মা কাকলি দাস এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এলাকায় পৌঁছে অভিযুক্ত দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে আটক করে। স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *