দোলের ছুটিতে যাত্রী স্বস্তি, ১০০ বিশেষ ট্রেন পূর্ব রেলের
কিউ ইন্ডিয়া বাংলা :- দোলের ছুটি মানেই বেড়ানোর প্ল্যান। আগামী ৩ ও ৪ মার্চ দোল উপলক্ষে টানা ছুটি পেয়ে অনেকেই ইতিমধ্যেই ব্যাগপত্র গুছিয়ে ফেলেছেন। এই ভিড়ের কথা মাথায় রেখেই যাত্রীদের জন্য সুখবর দিল পূর্ব রেল। দোলের ছুটিতে যাত্রী ভোগান্তি কমাতে মোট ১০০টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। তার মধ্যে শুধুমাত্র পুরী রুটেই থাকছে ৮টি বিশেষ ট্রেন।
ছুটির সময় দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীসংখ্যা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। ফলে টিকিট সংরক্ষণে সমস্যা তো হয়ই, অনেক সময় কালোবাজারিদের ফাঁদেও পড়তে হয় যাত্রীদের। সেই ভোগান্তি রুখতেই এই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত বলে জানিয়েছে পূর্ব রেল।
রেল সূত্রে খবর, বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে বিশেষ ট্রেন চালানো হবে। তার মধ্যে রয়েছে—
(১)শিয়ালদহ–পুরী রুটে ৮টি বিশেষ ট্রেন।
(২)কলকাতা থেকে রাক্সৌল (বারুণী হয়ে) ১০টি ট্রেন।
(৩)কলকাতা–মধুবণী (বারুণী হয়ে) ৮টি।
(৪)কলকাতা–গোরক্ষপুর (পাটনা হয়ে) ২০টি বিশেষ ট্রেন।
(৫)হাওড়া–আনন্দ বিহার (ঝাঁঝা–কিউল–গয়া হয়ে) ৮টি।
(৬)আসানসোল–গোরক্ষপুর (পাটনা হয়ে) ৬টি।
(৭)মালদহ টাউন–আনন্দ বিহার (ঝাঁঝা–কিউল–গয়া হয়ে) ৮টি।
(৮)মালদহ টাউন–উধানা (কিউল–গয়া হয়ে) ৮টি।
(৯)মালদহ–মুম্বই (কিউল–পাটনা হয়ে) ৮টি বিশেষ ট্রেন।
রেলকর্তাদের অনুমান, দোলের সময় অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীচাপ অনেকটাই বেশি থাকবে। বিশেষ করে তীর্থযাত্রীর সংখ্যা বাড়বে। তার মধ্যে পুরী অন্যতম প্রধান গন্তব্য। জগন্নাথধামে প্রতি বছর দোলের সময় বহু বাঙালি পুণ্যার্থী ভিড় জমান। ওড়িশার এই তীর্থক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে ট্রেনই যে পর্যটকদের প্রথম পছন্দ, তা মাথায় রেখেই পুরী রুটে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও অন্যান্য জনপ্রিয় রুটে বাড়তি ট্রেন চালিয়ে দোলের ছুটিতে যাত্রীদের যাতায়াত আরও স্বচ্ছন্দ করার চেষ্টা করছে পূর্ব রেল এমনটাই জানানো হয়েছে রেল সূত্রে।
