“দুর্ঘটনা নিছক নয়”: মোমো কাণ্ডে উক্তি রাজ্যপালের
কিউ ইন্ডিয়া বাংলা :- নাজিরাবাদের আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধীমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। ওই অনুষ্ঠানে রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “কোনও দুর্ঘটনাই নিছক হয় না। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।” তাঁর মতে, সর্বজনিক জায়গায় নিয়মিত ফায়ার অডিট করা অত্যন্ত জরুরি এবং সংশ্লিষ্ট সকলেরই দায়িত্ব রয়েছে নিরাপত্তা বিধি মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করার।
রাজ্যপাল আরও জানান, এখন অভিযোগ-পাল্টা অভিযোগের সময় নয়। উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে প্রয়োজন। সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। একজন রাজ্যপাল হিসেবে তিনি গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেবেন বলে জানান।
আনন্দপুরের অগ্নিকাণ্ডকে মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করে সি ভি আনন্দ বোস বলেন, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে। পাশাপাশি তিনি জানান, আজই (শুক্রবার) তিনি আনন্দপুরের পুড়ে যাওয়া কারখানা ও গোডাউন পরিদর্শনে ঘটনাস্থলে যাবেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থল পরিদর্শন প্রসঙ্গে প্রশ্ন করা হলে, সেই প্রশ্ন এড়িয়ে যান রাজ্যপাল।
