চাষের জমি থেকে উদ্ধার সদ্যোজাত শিশু কন্যার দেহ
কিউ ইন্ডিয়া বাংলাঃ- চাষের জমিতে কাদা ঘোলা জলে অর্ধনিমিত অবস্থায় উদ্ধার সদ্যোজাত এক শিশু কন্যার দেহ। এদিন সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে চাষীরাই প্রথমে দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ কাদাজল থেকে দেহটি উদ্ধার করে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার জয়পুর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বেলিয়া ডাঙরপাড়া গ্রামে ধান রোপণের জন্য জমিতে নামেন কয়েকজন কৃষক। তখনই তাঁরা জমির এক প্রান্তে, পাম্পের পাশের কাদা জমিতে শিশুটির দেহ দেখতে পান। কাদামাটির ভিতরে আধডোবা অবস্থায় পড়ে ছিল শিশুকন্যাটি। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেন মাঠে। খবর যায় জয়পুর থানায়। কে বা কারা কখন, সদ্যোজাত কন্যাসন্তানটিকে ফেলে গেল তা নিয়ে ধোঁয়াশা। আশপাশের গ্রাম, স্থানীয় নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র সব জায়গাতেই খোঁজখবর শুরু হয়েছে বলে সূত্রের খবর।
