চলন্ত ট্রেনে পুলিশের ছদ্মবেশে চুরি, অবশেষে জিআরপির হাতে ধৃত চোর
কিউ ইন্ডিয়া বাংলা :- খাকি রংয়ের পোশাক পরে পুলিশের ছদ্মবেশে চলন্ত ট্রেন থেকে দীর্ঘদিন ধরেই চুরি করত একজন । পুলিশের পোশাকে তল্লাশি চালানোর নাম করেই ব্যাগ হাতিয়ে নিয়ে পালিয়ে যেত ওই দুষ্কৃতী । কিন্তু এক চিকিৎসকের ব্যাগ হাতাতে গিয়ে বিপদে পড়ল ওই অভিযুক্ত । সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে রেল পুলিশের হাতে গ্রেফতার হয় গুণধর চোর । জানা গিয়েছে তার নাম সঞ্জয় ব্যাপারী । চুঁচুড়ার বাসিন্দা হলেও বর্তমানে সে নৈহাটি অঞ্চলে থাকে ।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন ছদ্মবেশ ধরে চলন্ত ট্রেনে অপরাধ করতে সিদ্ধ হস্ত সঞ্জয় । কখনো কুলি কখনো হকারের ছদ্মবেশে ছিনিয়ে নিত যাত্রীদের ব্যাগ । আবার যাত্রীদের মোবাইল ফোন অনেক সময় সে ছিনিয়ে নিয়েছে । তাকে গ্রেফতার করার ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ সংবাদ মাধ্যমকে জানায় , পুলিশের পরিচয় দিয়ে শিয়ালদহগামী বালিয়া এক্সপ্রেস ট্রেনে ওঠে অভিযুক্ত সঞ্জয় ব্যাপারী । ওই ট্রেনেরই যাত্রী ছিলেন অভিযোগকারী চিকিৎসক । তার ব্যাগের এমবিবিএস এর শংসাপত্র কর্মস্থলের পরিচয় সহ গুরুত্বপূর্ণ নথি ছিল । ব্যান্ডেল স্টেশন থেকে সঞ্জয় ওই ট্রেনে উঠে পুলিশ কর্মীর ছদ্মবেশে যাত্রীদের ব্যাগগুলিতে তল্লাশি চালাতে থাকে । গায়ে পুলিশের পোশাক থাকায় রেল যাত্রীরা তাকে সন্দেহ করেনি । তল্লাশি চালানোর সময় এই চিকিৎসকের ব্যক্তি হাতিয়ে নৈহাটি স্টেশনে নেমে যায় কুখ্যাত এই দুষ্কৃতী। শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নেমে ওই চিকিৎসক দেখেন তার ব্যাগটি উধাও। রেলের সহযাত্রীরা তাকে জানান এক পুলিশ কর্মী ওই ব্যক্তি নিয়ে নৈহাটি স্টেশনে নেমে গেছেন। অভিযোগকারী ওই চিকিৎসক শিয়ালদহ ও জিআরপিতে জিরো এফ আই আর করেন । নৈহাটি স্টেশনে সেই অভিযোগ পাঠিয়ে দেওয়া হয় । শিয়ালদহ থেকে আসা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নৈহাটি রেল স্টেশনের জিআরপি । রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয় । এবং ওই সিসিটিভি ফুটেজেই দেখা যায় পুলিশের পোশাক পরে ব্যাগটি নিয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছেন সঞ্জয়। এরপরই অভিযুক্ত সঞ্জয়ের খোঁজে চারিদিকে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। গত শনিবার ২১ শে ফেব্রুয়ারি পুলিশ গ্রেপ্তার করে সঞ্জয় ব্যাপারীকে।
গতকাল রবিবার ২২শে ফেব্রুয়ারি তাকে শিয়ালদহ আদালতে তোলা হয় । অভিযুক্তের আইনজীবী জামিনের আবেদন জানালেও বিচারক তা খারিজ করেন। ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত ধৃত সঞ্জয় কে পুলিশী হেফাজতের নির্দেশ দেন বিচারক । চিকিৎসকের ওই ব্যাগটিসহ পূর্বে চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
