কলকাতা হাই কোর্টর যুগান্তকারী রায়; মায়ের নয়, সন্তানের দায়িত্ব বাবার
কিউ ইন্ডিয়া বাংলা :- মা না বাবা একরত্তি সন্তানের কাছে কে বেশি নিরাপদ? এই প্রশ্নেই তাৎপর্যপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালত শিশুর হেফাজত মায়ের হাতে তুলে দিলেও, সেই রায় স্থগিত করে বাবার কাছেই সন্তানের দায়িত্ব ন্যস্ত করল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ জানায়, শুধুমাত্র মা উচ্চ শিক্ষিতা আর বাবা মাছ ব্যবসায়ী এই যুক্তিতে সন্তানের হেফাজত নির্ধারণ করা যায় না। নিম্ন আদালত মনে করেছিল, মায়ের অপূর্ণতা শিশুমনে প্রভাব ফেলতে পারে। কিন্তু হাই কোর্ট সেই যুক্তি মানেনি।
জানা গিয়েছে, ২০২১ সাল থেকেই আলাদা থাকছেন দম্পতি। তাঁদের আট বছরের ছেলে টুবলু (নাম পরিবর্তিত) এখন এই আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দু। বাবা-মা উমা ও রাহুল (উভয় নাম পরিবর্তিত) বিবাহবিচ্ছেদের মামলা করলে নিম্ন আদালতে বিচারক শিশুটিকে জিজ্ঞেস করেছিলেন, সে কার কাছে থাকতে চায়। ছোট্ট রোহনের সরল উত্তর ছিল বাবা-মা দুজনের কাছেই।
তবু সম্পর্কের টানাপোড়েনে শেষ পর্যন্ত হেফাজত যায় মায়ের হাতে। নিম্ন আদালতের যুক্তি ছিল, শিশুর দেখভালের ক্ষেত্রে মায়ের অধিকার প্রাধান্য পায়। কিন্তু সেই চিরাচরিত ধারণা থেকে সরে এসে হাইকোর্ট জানিয়ে দেয়, সন্তানের সার্বিক মঙ্গলই প্রধান বিবেচ্য বিষয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, আপাতত প্রতি শনিবার বিকেলে মা সন্তানের সঙ্গে সময় কাটাতে পারবেন এবং রবিবার সন্ধ্যা সাতটার মধ্যে তাঁকে বাবার বাড়িতে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি, বাবা-মায়ের বয়স কম হওয়ায় এবং তাঁদের মধ্যে ইগোর লড়াই চলছে বলে পর্যবেক্ষণ করে আদালত বিষয়টি কাউন্সেলিং কমিটির কাছে পাঠিয়েছে, যাতে বিবাদ মিটিয়ে সন্তানের স্বার্থ সুরক্ষিত রাখা যায়। এই রায় ঘিরে আইনমহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সন্তানের হেফাজতের ক্ষেত্রে ‘মা-ই প্রথম পছন্দ’ এই ধারণায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দেখছেন অনেকেই।
