এসআইআর তালিকায় ‘ব্লাড রিলেশন’ রহস্য
কিউ ইন্ডিয়া বাংলা :- এসআইআর এর শুনানি শেষ। ভোটাররা নথিপত্র জমা দিয়েছেন ইতিমধ্যেই। এখন চূড়ান্ত তালিকায় নাম ওঠার অপেক্ষা। সব নথি ভালভাবে খতিয়ে দেখতে অতিরিক্ত এক সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ফলে তালিকা প্রকাশের আগে চলছে কড়া ‘সুপার চেকিং’। আর সেই যাচাই প্রক্রিয়াতেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে একটি অদ্ভুত নথি ঘিরে ‘ব্লাড রিলেশন সার্টিফিকেট’।
বাবা বা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক প্রমাণ করতে সাধারণত জন্ম সনদ (বার্থ সার্টিফিকেট) বা অন্যান্য সরকারি নথি লাগে। কিন্তু এবার দেখা গেল, এসআইআর তালিকায় নাম তুলতে এক ভোটার জমা দিয়েছেন ‘ব্লাড রিলেশন সার্টিফিকেট’। এই নথি দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েত থেকে। রোল অবজার্ভাররা খতিয়ে দেখে বিস্মিত। এই ধরনের কোনও সার্টিফিকেটের আইনি বৈধতা আছে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠেছে। অবজার্ভাররা এখন খুঁজে দেখছেন, আদৌ এমন কোনও স্বীকৃত নথি সরকারি নিয়মে রয়েছে কিনা।
তবে শুধু এটুকুই নয়। সুপার চেকিংয়ে আরও কিছু অদ্ভুত তথ্য ধরা পড়েছে। কোথাও দেখা যাচ্ছে জন্মের আগেই বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। কোথাও আবার ভাই-বোনের বয়সের ফারাক মাত্র এক মাস। এসব তথ্য নিয়ে বিভ্রান্ত পর্যবেক্ষকরা।
সূত্র মারফত জানা যাচ্ছে মেটিয়াবুরুজ এলাকায় ১০ জন ভোটার তাঁদের বাবার নাম হিসেবে একই ব্যক্তির নাম আব্দুল হায় উল্লেখ করেছেন। নথি খতিয়ে দেখে দেখা গেছে, দুই সন্তানের বয়সের ফারাক মাত্র ২৭ দিন। অথচ দুজনেরই বাবা-মায়ের নাম দেওয়া হয়েছে আব্দুল হায় ও আনোয়ারা বিবি।
এসব ঘটনার জেরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নথির সত্যতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে তাই আরও সতর্কভাবে সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
