আইপ্যাক মামলায় শুনানি পিছোল, ১৮ মার্চ ফের সুপ্রিম কোর্টে শুনানি
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপ্যাক মামলায় ফের পিছিয়ে গেল শুনানি। বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি সঞ্জীব মেহতার এজলাসে মামলাটি ওঠে। তবে সওয়াল জবাবের পর রিজয়েন্ডার দাখিলের জন্য সময় চেয়ে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সলিসিটর জেনারেল। সেই আবেদন মঞ্জুর করে আদালত দোলের পর, অর্থাৎ ১৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
শুনানির শুরুতেই রাজ্যের তরফে অভিযোগ তোলা হয়, কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। পাল্টা অতিরিক্ত সলিসিটর জেনারেল এসজি রাজু দাবি করেন, কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদেরই ভয় দেখানো হচ্ছে।
আইপ্যাক-কাণ্ডে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। এদিন ইডির দায়ের করা নথি চুরির মামলার শুনানি ছিল। ইডির জমা দেওয়া হলফনামায় দাবি করা হয়েছে, জোর করে ভিতরে ঢুকে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তদন্তকারী সংস্থার মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে।
অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে পৃথক হলফনামা জমা দিয়ে জানানো হয়েছে, তদন্তে কোনও বাধা দেওয়া হয়নি। পাশাপাশি ইডির এই মামলা খারিজের আবেদনও করা হয়েছে। রাজ্যের দাবি, এই মামলা দায়েরের অধিকারই ইডির নেই এবং তল্লাশির পদ্ধতিতেও ত্রুটি ছিল।
সব মিলিয়ে আইনি লড়াই আপাতত স্থগিত থাকলেও, ১৮ মার্চের শুনানিকে ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
