অযোধ্যার রাম কথা জাদুঘরে বিরল রামায়ণ পাণ্ডুলিপি
কিউ ইন্ডিয়া বাংলা :- নয়াদিল্লির তরফে অযোধ্যার রাম কথা জাদুঘরকে দেওয়া হল একটি বিশেষ উপহার। এটি বাল্মীকি রচিত রামায়ণের একটি খুবই পুরোনো ও বিরল পাণ্ডুলিপি। ঐতিহাসিকদের মতে, এই পাণ্ডুলিপিটি প্রায় ২৩৩ বছরের পুরোনো।
মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রীনিবাস বরখেড়ি এই পাণ্ডুলিপি তুলে দেন প্রধানমন্ত্রী সংগ্রহালয় ও লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের হাতে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, এই অমূল্য নথি অযোধ্যার আন্তর্জাতিক রাম কথা জাদুঘরে স্থায়ীভাবে রাখা হবে। এই পাণ্ডুলিপি সংস্কৃত ভাষায় লেখা। লেখার জন্য ব্যবহার করা হয়েছে দেবনাগরী হরফ। এর সঙ্গে রয়েছে মহেশ্বর তীর্থের লেখা ‘তত্ত্ব দীপিকা’ নামে একটি ব্যাখ্যাগ্রন্থ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তথ্য অনুযায়ী, পাণ্ডুলিপিটি ১৭৯২ সালের। এতে রামায়ণের পাঁচটি প্রধান কাণ্ড রয়েছে আদিকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধ্যাকাণ্ড, সুন্দরকাণ্ড এবং যুদ্ধকাণ্ড।
এর আগে এই পাণ্ডুলিপি নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে সংরক্ষিত ছিল। এখন থেকে অযোধ্যার জাদুঘরে এটি দর্শনার্থী ও গবেষকদের জন্য রাখা হবে। শ্রীনিবাস বরখেড়ি জানান, এই উদ্যোগের ফলে বাল্মীকি রামায়ণের জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছবে।
নৃপেন্দ্র মিশ্র বলেন, এই পাণ্ডুলিপি অযোধ্যার জন্য একটি বড় প্রাপ্তি। রামভক্ত এবং ইতিহাস গবেষকদের কাছে এর গুরুত্ব অনেক। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, অযোধ্যার রাম কথা জাদুঘরকে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করা। এই বিরল পাণ্ডুলিপি সেই পথে বড় ভূমিকা নেবে। এর ফলে মানুষ প্রাচীন ইতিহাস জানতে পারবেন এবং ঐতিহ্যও সুরক্ষিত থাকবে।
