আজকের দিনেতিলোত্তমা

কাজ সেরে ফেরার পথে পিষে মৃত্যু তরুণী কর্মীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি এক তরুণী। সল্টলেক সেক্টর ফাইভের একটি হোটেলে কর্মরত রিম্পা ধাড়া (২৯) নামে ওই তরুণী বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন। ঘাতক ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে রাতের কলকাতায় যাতায়াতকারী কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে দানা বেঁধেছে আতঙ্ক।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে সেক্টর ফাইভ থেকে একটি অ্যাপ-বাইক বুক করেছিলেন রিম্পা। তাঁর গন্তব্য ছিল কসবা। সেক্টর ফাইভের ব্রিজের ওপর দিয়ে নিকো পার্কের দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি দ্রুতগামী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাইকটিকে ধাক্কা মারে। ​ধাক্কার চোটে বাইকের পিছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান রিম্পা। ডাম্পারের গতি এতটাই বেশি ছিল যে, চালক ব্রেক কষার সুযোগ পাননি। তরুণীর মাথার ওপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায়। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকার পর ট্রাফিক পুলিশের সহায়তায় একটি অটো করে তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
​​দুর্ঘটনার পরই ঘাতক ডাম্পারটি নিয়ে চালক চম্পট দেয়। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ​খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান রিম্পার সহকর্মীরা। তাঁদের অভিযোগ, রাতের শহরে পুলিশের নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে বেপরোয়া গাড়ির দাপাদাপি দিন দিন বাড়ছে। সহকর্মীদের দাবি, যথাযথ পুলিশি পদক্ষেপ থাকলে হয়তো এই প্রাণহানি এড়ানো যেত। ​প্রসঙ্গত, সেক্টর ফাইভে বহু মানুষ রাতভর কাজ করেন এবং ফেরার জন্য অ্যাপ-বাইকের ওপর নির্ভর করেন। এই ঘটনার পর সেই যাতায়াত কতটা নিরাপদ, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *