আজকের দিনেবাংলার আয়না

মালদহে তরুণীকে লক্ষ্য করে গুলি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মালদহে প্রকাশ্যে গুলির ঘটনায় জখম হলেন এক তরুণী। ডান হাতে গুলি লেগেছে তাঁর। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ এন্ডহাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত তরুণীর নাম মনীষা পারভিন (১৮)। তিনি গয়েশবাড়ির নয়াবস্তি লাফোটোন এলাকার বাসিন্দা। তাঁর বাবা সুলতান শেখ পেশায় দিনমজুর। শুক্রবার রাত নাগাদ নয়াবস্তির নেংড়া মোড় এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ তল্লাশি চালালেও অভিযুক্তদের কোনও খোঁজ মেলেনি। আহত তরুণীকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

রাতেই তিন যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মনীষার বাবা। পুলিশ তরুণীর সঙ্গে কথা বলে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করছে। প্রেমঘটিত কোনও ঝামেলা, না কি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই তরুণীর সঙ্গে কয়েকজন যুবকের ওঠাবসা ছিল। তাঁদের বক্তব্য, দুষ্কৃতীরা নিজেদের মধ্যে প্রকাশ্যে গুলির লড়াই চালায় এবং সেই সময়ই তরুণী গুলিবিদ্ধ হন। যদিও এই দাবি পুলিশ এখনও নিশ্চিত করেনি।

এই ঘটনার পর তরুণীর বন্দুক হাতে গ্রামের রাস্তায় ঘোরার একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেই ছবির সত্যতা এখনও যাচাই হয়নি। এ প্রসঙ্গে মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় জানান, তদন্ত শুরু হয়েছে। গুলির পিছনে সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *