লাটাগুড়ি যাওয়ার পথে মৃত্যু ইঞ্জিনিয়ার তরুণী ও বান্ধবীর
কিউ ইন্ডিয়া বাংলাঃ- পর্যটন কেন্দ্র ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গল সংলগ্ন মৌলালি সেতুর কাছে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি পথ কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটকদের একটি গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক তরুণী ইঞ্জিনিয়ার ও তাঁর এক বান্ধবীর। ঘটনায় আহত আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর, লাটাগুড়ি জঙ্গল হয়ে চালসার দিকে যাচ্ছিল পর্যটকদের ওই গাড়িটি। মৌলালি সেতুর কাছাকাছি পৌঁছালে আচমকাই একটি পথ কুকুর রাস্তার মাঝখানে চলে আসে। দ্রুত গতিতে থাকা গাড়িটির চালক কুকুরটিকে বাঁচাতে সজোরে ব্রেক কষেন এবং গাড়িটি পাশ কাটানোর চেষ্টা করেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। গাড়িতে মোট ৬ জন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক তরুণী ইঞ্জিনিয়ার ও তাঁর এক বান্ধবীর। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন পৌলমীর বান্ধবী খেয়ালী বর্মন এবং সায়ন সরকার। সায়ন জলপাইগুড়ি শহরের সরকার পাড়ার বাসিন্দা। গাড়িচালকও জখম হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত সকলকে উদ্ধার করে ক্রান্তি ফাঁড়ির পুলিশ।
আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পিচ্ছিল রাস্তা এবং দ্রুত গতির কারণেই কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।
