Weather : আজকের আবহাওয়া ….
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যজুড়ে আজ রবিবার এবং আগামী সোমবার তাপমাত্রা সামান্য বাড়বে। সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রভাব কমবে। রাজ্যের বিভিন্ন অংশে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পরে আকাশ মূলত পরিষ্কার থাকবে।
জম্মু-কাশ্মীর ও সংলগ্ন পাকিস্তান এলাকায় সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতেও এর প্রভাব রয়েছে। আগামী ২৬ জানুয়ারি, সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। তবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দিনের বেলায় শীতের প্রভাব কমবে, তবে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। আগামী দু’দিন তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হলেও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে আগামী সোমবার সকাল পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। প্রায় সব জেলাতেই কোথাও কোথাও মাঝারি কুয়াশা হতে পারে। দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া জলপাইগুড়ি ও কোচবিহার জেলার কিছু অংশেও কুয়াশা ঘন হতে পারে।
আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
কলকাতা
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই, এক থেকে দুই ডিগ্রির মধ্যেই পারদের ওঠানামা হবে।
ভিন রাজ্য
দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পন্ডিচেরি ও কারাইকাল এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, রাজস্থান এবং হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
