আজকের দিনেবাংলার আয়না

বিনামূল্যে চিকিৎসা’য় জনসংযোগ কল্যাণীর তৃণমূল প্রার্থীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কল্যাণী: ভোটের প্রচার মানেই সাধারণত মিছিল, স্লোগান আর রঙিন ছবির ভিড়। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কল্যাণী বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক ছবি। সেখানে তৃণমূল কংগ্রেসের চিকিৎসক প্রার্থী ডা. অতীন্দ্রনাথ মণ্ডল ভোট চাইতে গিয়ে রোগীদের নাড়ি টিপে দেখছেন, লিখে দিচ্ছেন প্রেসক্রিপশনও। রাজনীতির আঙিনায় এমন ‘পরিষেবা মূলক’ প্রচার নজর কেড়েছে সাধারণ মানুষের। টেবিলে রাখা স্টেথোস্কোপ, প্রেসার মাপার যন্ত্র আর ওষুধের স্তূপ—এটাই এখন ডা. মণ্ডলের নির্বাচনী প্রচারের চেনা দৃশ্য। প্রতিদিন গ্রামে ঘুরে প্রচার চালানোর পাশাপাশি প্রায় ১০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন তিনি। ভোটারদের কথায়: “ডাক্তারবাবু শুধু ভোট চাইছেন না, আমাদের জ্বর-সর্দি-কাশির চিকিৎসাও করছেন। বড় কোনো সমস্যা থাকলে হাসপাতালেও ভর্তির ব্যবস্থা করে দিচ্ছেন।”ডা. অতীন্দ্রনাথ মণ্ডল কোনো নতুন সমাজসেবী নন। গত প্রায় ১৫ বছর ধরে তিনি প্রত্যন্ত এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন। তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরও নিজের সেই পুরনো অভ্যাস বজায় রেখেছেন তিনি। তাঁর কথায়, “ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে রাজনীতির মাধ্যমে সেই সেবার পরিধি আরও বাড়াতে চাই।”

২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় এবার চিকিৎসকদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডা. মণ্ডলের মতো রাজ্যজুড়ে মোট ১০ জন চিকিৎসক এবার ঘাসফুল শিবিরের টিকিটে লড়াই করছেন। রানাঘাট ও হরিণঘাটার পাশাপাশি কল্যাণীতেও ‘সেবক’ হিসেবে একজন চিকিৎসককেই পছন্দ করেছে তৃণমূল নেতৃত্ব। কল্যাণীর সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে তাঁদের শরীর-স্বাস্থ্যের খবর নিচ্ছেন প্রার্থী। মানুষের এই ভালোবাসা আর সমর্থন নিয়ে জয়ী হয়ে আগামী দিনে কল্যাণীর একজন একনিষ্ঠ ‘সেবক’ হিসেবে কাজ করাই তাঁর মূল লক্ষ্য বলে জানিয়েছেন ডা. অতীন্দ্রনাথ মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *