Travel-Manali : বরফে থমকে মানালি …..
কিউ ইন্ডিয়া বাংলা :- প্রবল তুষারপাতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মানালি। টানা বরফ ও বৃষ্টিপাতের জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে শৈলশহরের জনজীবন। বরফে ঢেকে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। ঘণ্টার পর ঘণ্টা ধরে রাস্তায় সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে শত শত গাড়ি। হোটেলগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়ছে।
সূত্রের খবর, কোঠি থেকে মানালি যাওয়ার রাস্তায় প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ ট্র্যাফিক জ্যাম তৈরি হয়েছে। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই যানজট শনিবার রাত পর্যন্ত কাটেনি। হাজার হাজার পর্যটক গাড়ির মধ্যেই আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।
২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত লম্বা সপ্তাহান্তের ছুটিতে বহু পর্যটক মানালি ঘুরতে গিয়েছেন। সেই সময়েই শুরু হয়েছে তুষারপাত ও বৃষ্টিপাত। একলাফে তাপমাত্রা নেমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পর্যটক হোটেলের বাইরে বেরোতেই পারছেন না।
এর জেরে মানালির হোটেলগুলিতে প্রায় ১০০ শতাংশ বুকিং হয়ে গিয়েছে। জায়গার অভাবে বহু পর্যটককে বাধ্য হয়ে কুলুর দিকে রওনা দিতে হচ্ছে। তবে সেখানেও রাস্তার অবস্থা ভালো নয় বলে খবর। সরকারি সূত্রে জানা গিয়েছে, তুষারপাতের জেরে হিমাচল প্রদেশ জুড়ে মোট ৬৮৫টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে। এর মধ্যে
লাহুল-স্পিতিতে ২৯২টি,চাম্বাতে ১৩২টি,মান্ডিতে ১২৬টি,কুলুতে ৭৯টি,সিরমউরে ২৯টি,কিন্নরে ৪টি,
উনাতে ২টি এবং সোলানে ১টি রাস্তা বন্ধ রয়েছে।
এদিকে পরিস্থিতির কথা মাথায় রেখে শনিবার রাজ্য সরকার একটি সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৮ জানুয়ারি, বুধবার পর্যন্ত এই প্রতিকূল আবহাওয়া বজায় থাকতে পারে। ভূমধ্যসাগর এলাকায় সৃষ্ট পশ্চিমী ঝঞ্ঝা রবিবার পর্যন্ত সক্রিয় থাকবে বলেই পূর্বাভাস।
প্রায় চার মাস পর হিমাচল প্রদেশে ফের তুষারপাত শুরু হয়েছে। কিন্নর জেলা ও সিমলার একাধিক এলাকা এখন সাদা বরফের চাদরে ঢাকা। মান্ডি, সোলান, কাংড়া ও বিলাসপুর-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে পর্যটকদের অপ্রয়োজনে পাহাড়ি রাস্তায় যাতায়াত না করার এবং আবহাওয়ার আপডেট দেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
