আজকের দিনেবাংলার আয়না

Train Accident-Serampore : পিকনিকের আনন্দের শেষে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পিকনিকের আনন্দময় একটি দিন যে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনবে, তা কেউ ভাবতেও পারেননি। উত্তরপাড়ায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক তরুণী শিক্ষিকার। মৃতের নাম সরবজিৎ কৌর (৩২)। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, সরবজিৎ কৌর শ্রীরামপুরের একটি আবাসনের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষিকার কাজ করতেন। বুধবার ওই স্কুলেরই কয়েকজন শিক্ষিকার সঙ্গে চন্দননগরের একটি পার্কে পিকনিকে গিয়েছিলেন তিনি। সারাদিন আনন্দে কাটানোর পর সন্ধ্যার দিকে তাঁরা সবাই বাড়ির পথে রওনা দেন।

ফেরার পথে সরবজিৎ উত্তরপাড়া স্টেশনে নামেন। কারণ ওই এলাকায়ই তাঁর পড়ানোর দায়িত্ব ছিল। স্টেশন থেকে বেরিয়ে রেললাইন পার হওয়ার সময়ই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। সহকর্মী শিক্ষিকা শাশ্বতী শেঠ জানান, রেললাইন পার হওয়ার মুহূর্তেই একটি দ্রুতগতির ট্রেন এসে সরবজিতকে ধাক্কা মারে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় তিনটি লাইনে একসঙ্গে ট্রেন চলাচল করছিল। দুই নম্বর লাইনে থ্রু ট্রেনের ঘোষণাও হয়েছিল। তবে চারপাশে একাধিক ট্রেন থাকায় সঠিকভাবে ট্রেনের গতি বা অবস্থান বোঝা সম্ভব হয়নি। এরই মধ্যে লাইন পার হতে গিয়ে সরবজিৎ কৌর ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় রেল পুলিশ ও আরপিএফ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ওই রেলগেটে অতিরিক্ত আরপিএফ মোতায়েন করা হয়েছে। রেললাইনের উপর দিয়ে অননুমোদিত চলাচল রুখতে কড়া নজরদারিও শুরু হয়েছে।

হাসি-আনন্দে ভরা একটি দিনের শেষ পরিণতি যে এমন মর্মান্তিক হবে, তা মেনে নিতে পারছেন না সহকর্মী ও পরিবারের সদস্যরা। মুহূর্তের অসতর্কতাই যে কতটা ভয়ংকর হতে পারে, ফের একবার তারই করুণ প্রমাণ মিলল এই ঘটনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *