আজকের দিনেবাংলার আয়না

এশিয়ান হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- হাসিমারা–জয়গাঁ এশিয়ান হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, চা শ্রমিক পিষে মৃত্যু ৪
কাজে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন চা বাগানের শ্রমিক। শনিবার সকালেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরবেলা হাসিমারা–জয়গাঁ এশিয়ান হাইওয়ে-র উপর দিয়ে সাইকেলে করে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। প্রত্যেকেই আলিপুরদুয়ারের বাসিন্দা এবং চা বাগানের শ্রমিক। আগে তাঁরা ভার্নাবাড়ি চা বাগানে কাজ করতেন। কিন্তু বাগানটি বন্ধ হয়ে যাওয়ার পর পাশের বিচ চা বাগানে কাজ পান। প্রতিদিনের মতো এদিনও সকালে সাইকেলে চেপে ওই এশিয়ান হাইওয়ে ধরেই কাজে যাচ্ছিলেন তাঁরা।প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতিতে আসা একটি গাড়ি আচমকা পিছন দিক থেকে সাইকেলগুলিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়ে যান। এরপর গাড়ির চাকা তাঁদের পিষে দিয়ে চলে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সকলে। ভয়াবহ দৃশ্য দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রাই আহত শ্রমিকদের উদ্ধার করে দ্রুত লতাবাড়ি ব্লক হাসপাতাল-এ নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল-এ স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দুর্ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। শ্রমিক পরিবারগুলিতে নেমে এসেছে কান্নার রোল। স্থানীয়দের একাংশের দাবি, ওই এলাকায় যানবাহনের বেপরোয়া গতির বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল। এবার ফের এক মর্মান্তিক দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল রাস্তার নিরাপত্তা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *