গৃহস্থালির রান্নার গ্যাসের আয়তন কমে ছোট হচ্ছে , ১৪.২ থেকে ১০ কেজি
কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এখনো অস্বাভাবিক হরমুজ প্রণালী । যার জেরে বিশ্বজুড়ে জ্বালানি গ্যাস ও তেল সরবরাহে প্রভাব পড়েছে। এবার এই আবহে ভারতে গৃহস্থালির এলপিজি সরবরাহের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনা শুরু হয়েছে। গ্যাসের সিলিন্ডারের ওজন ১৪.২ কেজি থেকে ১০ কেজি করা হতে পারে বলে খবর।
বিখ্যাত এক ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের এই খবর সামনে এসেছে। যেখানে বলা হয়েছে হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে গ্যাসের আমদানি ব্যাহত হয়েছে। এই কারণে ভারত গৃহস্থালির এলপিজি সরবরাহের ক্ষেত্রে রেশনিং করার চিন্তাভাবনা বিবেচনা করছে। মানে রান্নার গ্যাসের সিলিন্ডারের ওজন কমানোর কথা ভাবছে কেন্দ্রের মোদি সরকার। ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থা গুলি এই ধরনেরই একটি পরিকল্পনার কথা ভাবছে বলে সূত্রের খবর । যেখানে বলা হচ্ছে দেশে গ্যাস সংকট পরিস্থিতিতে প্রচলিত ১৪.২ কেজি সিলিন্ডারের বদলে দশ কেজির এলপিজি সিলিন্ডার ভরে দেওয়া হবে । এর নেপথ্যের কারণ একটাই যাতে সীমিত পরিমাণ মজুদ গ্যাস আরও বেশি সংখ্যক পরিবারের মধ্যে বন্টন করে দেওয়া যায়।
বর্তমানে ভারত প্রায় নিজের চাহিদার এলপিজি গ্যাসের ৬০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল । ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে ইরানের বিদেশ মন্ত্রকের ফলপ্রসু আলোচনার ফলে হরমুজ প্রণালী দিয়ে শিবালিক ও নন্দা দেবী নামক দুটি এলপিজি বাহি জাহাজ ভারতে পৌঁছাতে পেরেছে। যার কারনে ভারতের এলপিজির সংকট বেশ কিছুটা কমেছে। এখনো ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া একাধিক এলপিজিবাহী জাহাজ পারস্য উপসাগরের দাঁড়িয়ে রয়েছে অনুমতির অপেক্ষায়। এবার এই আবহে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার ছোট করে সবার মধ্যে বন্টন করার পরিকল্পনার কথা প্রকাশে এলো। যদিও এই বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা করেনি কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক ।
