রক্ষক-ই, ভক্ষক
কিউ ইন্ডিয়া বাংলাঃ- এবার দক্ষিণ কলকাতার এক থানার ওসির বিরুদ্ধে এক সিভিক ভলান্টিয়ারকে যৌন হেনস্থার অভিযোগ উঠলো। গত রবিবার নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই কর্মক্ষেত্রে যৌন হেনস্থার গাইডলাইন মেনে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ঘটনাটি ঘটেছে বলে দাবি ক রেন ওই সিভিক ভলান্টিয়ার। এই বিষয়ে এবার হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন।
রাজ্যের ডিজি পীযুষ পাণ্ডেকে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে এনসিডবলু। চিঠিতে বলা হয়েছে, অবিলম্বে আইনগত ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে এফআইআর করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে দোষী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে, প্রমাণ ঠিকভাবে সংরক্ষণ এবং অভিযোগকারিণীকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে ডিজিকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে জাতীয় মহিলা কমিশনের কাছে। সেখানে তাদের জানাতে হবে, এফআইআর হয়েছে কিনা, তদন্ত কতদূর এগিয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
