আজকের দিনেগ্রীন রুম

বিতর্ক সরিয়ে ফের ছাদনাতলায় বাদশা!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,মুম্বই: একদিকে নতুন গান ‘টাটিরি’-র দৃশ্যায়ন ঘিরে নারী শরীর নিয়ে চটুলতার বিতর্ক, অন্যদিকে জীবনের নতুন ইনিংস শুরু। বিরামহীন চর্চার মাঝেই ফের বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় র‍্যাপার-গায়ক বাদশা। দীর্ঘ চার বছরের প্রেমের পর অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তাঁর চার হাত এক হওয়ার খবর এখন টিনসেল টাউনের টক অফ দ্য টাউন।

বাদশা বা ইশা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা না করলেও, ইশার মা পুনম রিখির ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে: বাদশা সেজেছেন বাদামি কুর্তা ও সোনালি সাফায়। অন্যদিকে লাল রঙের ঐতিহ্যবাহী সালোয়ার কামিজে মোহময়ী ইশা। বেশ কিছু ছবিতে দুজনের গলায় বিয়ের মালা এবং মুখে হাসি লক্ষ্য করা গিয়েছে।  ছবির ক্যাপশনে ইশার মা লিখেছেন, “ভগবান তোমাদের আশীর্বাদ করুক।” যা এই গুঞ্জনকে কার্যত সিলমোহর দিয়েছে।ইন্ডাস্ট্রির অন্দরমহল বলছে, প্রায় চার বছর ধরে সম্পর্কে ছিলেন এই জুটি। এক বন্ধুর পার্টির মাধ্যমে তাঁদের আলাপ, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। ইশা রিখি মূলত পঞ্জাবি ছবির পরিচিত মুখ, ২০১৮ সালে ‘নবাবজাদে’ ছবির মাধ্যমে বলিউডেও পা রেখেছেন তিনি। এটি বাদশার দ্বিতীয় বিয়ে। এর আগে জ্যাসমিনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল, তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। ২০২৪ সালে বাদশা নিজেই জানিয়েছিলেন যে, সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তাঁর মেয়ে লন্ডনে থাকলেও বাদশার ব্যক্তিগত জীবনে এখন ইশাই নতুন সঙ্গী। সাম্প্রতিক সময়ে ‘টাটিরি’ গান নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাদশা। কিন্তু সেই সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ইশার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ‘কন্ট্রোভার্সি কিং’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *