আজই প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: ২৮ লাখ নাম অন্তর্ভুক্তির সম্ভাবনা, বাদ পড়তে পারেন ১০ লাখ!
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। আজ বিকেলেই প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি বা পরিপূরক ভোটার তালিকা। কমিশন সূত্রে খবর, এই তালিকায় প্রায় ২৮ লক্ষ ভোটারের নাম থাকতে পারে। তবে বড় খবর হলো, আবেদনকারীদের একটি বড় অংশ বাদও পড়তে চলেছেন।
বিবেচনাধীন নাম: তালিকায় প্রায় ৬০ লক্ষের বেশি নাম জমা পড়েছিল।
নিষ্পত্তি: রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি করেছে কমিশন।
বাকি আবেদন: এখনও প্রায় ৩২ লক্ষ আবেদনকারীর নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে।
বাদ যাওয়ার হার: কমিশন সূত্রে খবর, প্রায় ৪০ শতাংশ নাম বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ, প্রথম তালিকাতেই প্রায় ১০ লক্ষ আবেদনকারীর নাম বাতিল হতে পারে।
আপনার নাম আছে কি না বুঝবেন কীভাবে?
সাপ্লিমেন্টারি তালিকাটি মূলত দুটি ভাগে বিভক্ত থাকবে— অ্যাডিশন এবং ডিলিশন।
তালিকায় নতুন নাম উঠলে তা ‘অ্যাডিশন’ সেকশনে দেখা যাবে।
যদি কারও নাম তালিকা থেকে বাদ যায়, তবে তা থাকবে ‘ডিলিশন’ সেকশনে।
তালিকায় নাম দেখার পদ্ধতি (অনলাইন ও অফলাইন)
অনলাইনে দেখতে:
১. ভিজিট করুন: voters.eci.gov.in অথবা ceowestbengal.wb.gov.in।
২. ওয়েবসাইটে গিয়ে ‘West Bengal’ এবং ‘2026’ অপশন নির্বাচন করুন।
৩. ‘SIR Supplementary’ অপশনে ক্লিক করে নিজের এপিক (EPIC) নম্বর দিয়ে সার্চ করলেই বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
৪. এছাড়া ECI Net App-এর মাধ্যমেও তালিকা দেখা সম্ভব।
অফলাইনে দেখতে:
জেলাশাসক, মহকুমা শাসক বা অতিরিক্ত জেলাশাসক -এর দপ্তরে গিয়ে তালিকা যাচাই করা যাবে। এছাড়াও প্রতিটি বুথে বুথে সাধারণ মানুষের সুবিধার্থে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে।
নাম বাদ গেলে কী করবেন?
যদি কোনো ভোটারের নাম ‘ডিলিশন’ তালিকায় থাকে বা নাম বাদ যায়, তবে ঘাবড়ানোর কিছু নেই। নির্বাচন কমিশন এক্ষেত্রে আপিল করার সুযোগ দিচ্ছে।
ট্রাইবুনাল গঠন: নাম বাদ পড়ার বিষয়ে অভিযোগ জানানোর জন্য ১৯টি বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়েছে।
বিচারপতিদের নজরদারি: অবসরপ্রাপ্ত বিচারক ও বিচারপতিদের নিয়ে গঠিত এই ট্রাইব্যুনালে আবেদন করা যাবে।
