দোলে পুলিশি নিরাপত্তায় মুড়ল শহর
কিউ ইন্ডিয়া বাংলাঃ- দোল ও হোলির উৎসবে মানুষের নিরাপত্তা ও যাতে কোনও গোলমাল না হয় তার জন্য সারা শহরজুড়ে মোতয়েন করা হচ্ছে প্রায় চার হাজার পুলিশ। রাস্তায় থাকছেন যুগ্ম পুলিশ কমিশনার ও ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও। সর্তক করা হয়েছে কেউ যেন মদ্যপান করে জলে না নামেন,অনিচ্ছাকৃত ব্যক্তির গায়ে রং না দেওয়া, রং লাগানোর নাম করে শ্লীলতাহানি, কুকুর বা পথ পশুদের গায়ে রং যেন না দেওয়া হয় তার জন্য সর্তকতা মূলক প্রচার চালাচ্ছে পুলিশ।
লালবাজারের সূত্র জানিয়েছে, দোলে রাস্তায় থাকছে প্রায় ৪০০ পুলিশ পিকেট। এর মধ্যে ৮৬টি গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে বিশেষ পুলিশ পিকেট, যেখানে মোতায়েন থাকছেন ৬জন পুলিশ আধিকারিক ও পুলিশকর্মী। এ ছাড়াও আরও ৩১২টি জায়গায় পিকেটে থাকছেন তিনজন করে পুলিশকর্মী। দোলের দিন রাস্তায় হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড রাস্তায় থাকছে। ৬২টি পিসিআর ভ্যান ও সঙ্গে কুইক রেসপন্স টিম শহরজুড়ে টহল দেবে। প্রত্যেকটি থানা এলাকার অপরিসর রাস্তাগুলিতে টহল দেবে পুলিশের বাইক। এ ছাড়াও দশটি ডিভিশনে একেকটি করে ডিএমজি টিম তৈরি থাকছে। যাতে বহুতলের ছাদ বা বারান্দা থেকে পথচারীদের দিকে রং বা জলভর্তি বেলুন না ছোড়া হয়, সেদিকে পুলিশের নজর থাকবে। কোনও গোলমালের খবর পেলেই খুব অল্প সময়ের মধ্যে বাহিনী ঘটনাস্থলে যাতে পৌঁছয়, তার জন্য প্রত্যেকটি থানাকে সতর্ক করছে লালবাজার।
